সাঁকো দিয়ে উঠতে হয় সেতুতে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া পশ্চিম ইউনিয়নের তুলাতলী-বাজারখোলা সড়কের তুলাতলী খালের ওপর নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় থাকায় মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।
সরেজমিনে গত ১২ মার্চ দেখা যায়, তুলাতলী এলাকার ওই সেতুটিতে কোনো রেলিং নেই। সেতুর দুই প্রান্তের সংযোগ সড়কের মাটি সরে যাওয়ায় সেতুটিতে ওঠার জন্য বাঁশের সাঁকো স্থাপন করা হয়েছে। এই সাঁকো দিয়ে লোকজন ঝুঁকি নিয়ে সেতুতে উঠছে। এ সেতু দিয়ে বাজারখোলা উত্তর, বাজারখোলা দক্ষিণ, হরিণাবাজারখোলা, তুলাতলী, গাংকান্দা, শ্রীরায়েরচর, জাফরাবাদ, পাঁচগাছিয়া, মহিষমারী ও পালেরবাজার গ্রামের প্রায় ১৮ হাজার মানুষ চলাচল করে।
বাজারখোলা গ্রামের সমাজসেবক শাহনেওয়াজ প্রধান বলেন, সেতুর দুই পারে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষার্থীরা সাঁকো পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। এ ছাড়া রাতে এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতে দুর্ভোগ পোহাতে হয়।
পাঁচগাছিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামাল চৌধুরী বলেন, ‘দাউদকান্দি উপজেলার সঙ্গে মতলব উপজেলায় যাতায়াতের প্রধান সড়ক এটি। সেতুটির দুই পাশে মাটি না থাকায় যানবাহন চলাচল করতে পারে না। এতে জনগণকে দুই ঘণ্টার পথ ঘুরে গ্রামে আসতে হয়। তবে সেতুটি পুনর্নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দাউদকান্দি উপজেলা কার্যালয়ের প্রকৌশলী রতন চন্দ্র সরকার বলেন, সেতুটি প্রায় ২০ বছর আগে নির্মাণ করা হয়েছিল। এখানে নতুন একটি সেতু নির্মাণের জন্য ঢাকায় প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ হলেই নতুন সেতু নির্মাণ করা হবে।