চার মাস ধরে বরগুনার ফুলঝুড়ি লঞ্চঘাটের পন্টুনটি পানিতে নিমজ্জিত অবস্থায় পড়ে আছে। টার্মিনালের নিচের অংশে ফাটল ধরে পানি ঢুকে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।পন্টুনটি পানিতে নিমজ্জিত থাকায় সাঁকো দিয়ে মালামাল নিয়ে লঞ্চে ওঠানামা করতে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। এ ছাড়া দোতলা লঞ্চে ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও ভোগান্তি হচ্ছে।ঘাটের ইজারাদার বাদল দাস ও দুলাল খলিফা জানান, পাঁচ বছর আগে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ফুলঝুড়ি লঞ্চঘাটে পন্টুনটি স্থাপন করে। পন্টুনটি রক্ষণাবেক্ষণের জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের একজন লোক নিয়োগ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই ইজারাদারদের এটি দেখাশোনার দায়িত্ব নিতে হয়। পন্টুনটি যেখানে স্থাপিত হয়েছে, তার সামনের নদী অগভীর হওয়ায় লঞ্চগুলোকে সজোরে আঘাত করে ভিড়তে হয়। এর ফলে ধীরে ধীরে পন্টুনটির নিচের অংশ ফেটে ছিদ্র হয়ে যায়। গত মার্চ মাসের শুরুর দিকে পন্টুনটি ছিদ্র হয়ে ভেতরে পানি ঢুকে এর সামনের অংশ তলিয়ে যায়। সেই থেকে জোয়ারের সময়ে তলিয়ে ভাটায় জেগে এটির গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হতে চলেছে। বিষয়টি বিআইডব্লিউটিএর পটুয়াখালী কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও ‘দেখছি’ বলে এড়িয়ে যান তাঁরা—এমন অভিযোগ ইজাদারদের।জেলার বামনা উপজেলার রামনা থেকে প্রতিদিন ডাকের চিঠিপত্র ও মালামাল নিয়ে ফুলঝুড়ি আসেন রানার আবু হানিফ। তিনি জানান, পন্টুনটির এ অবস্থার কারণে ঝুঁকি নিয়ে সরকারি জিনিসপত্র বহন করতে হয়। সাঁকোটিও এতটা নড়বড়ে যে প্রায়ই যাত্রীরা ওঠানামা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।লঞ্চযাত্রী সেলিনা বেগম জানান, যেকোনো মুহূর্তে পা পিছলে পড়ে ছোট ছেলেমেয়ে ও বৃদ্ধরা নদীতে তলিয়ে যেতে পারেন।বিআইডব্লিউটিএর পটুয়াখালী কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, শিগগির পন্টুনটি সরিয়ে নেওয়া হবে। তবে ওই ঘাটে নতুন আরেকটি পন্টুন দেওয়া হবে কি না, এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারণ, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ নতুন করে পন্টুন দেওয়া আপাতত বন্ধ রেখেছে।