সাঁকো দিয়ে সেতুর সংযোগ সড়ক, ঝুঁকিপূর্ণ পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালীর বাজার-সিংড়িয়া সড়কের হঠাৎপাড়া সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। গত সোমবার তোলা ছবি l প্রথম আলো
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালীর বাজার-সিংড়িয়া সড়কের হঠাৎপাড়া সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। গত সোমবার তোলা ছবি l প্রথম আলো

সেতুর দুপাশে সংযোগ সড়ক ভেঙে গেছে। সেখানে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো। সেটিও এখন নড়বড়ে। এর ওপর দিয়ে চলছে সাইকেল, মোটরসাইকেল, ভ্যান প্রভৃতি যানবাহন। ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে এলাকাবাসী। ৯ মাস ধরে এ রকম অবস্থা থাকলেও সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেই। এই চিত্র গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালীর বাজার-সিংড়িয়া সড়কের হঠাৎপাড়া এলাকার।
ফুলছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্র জানায়, ২০০৬ সালে ফুলছড়ি উপজেলার কালীর বাজার-সিংড়িয়া সড়কের হঠাৎপাড়া এলাকায় সেতুটি নির্মিত হয়। এতে ব্যয় হয় প্রায় ১৮ লাখ টাকা। গত বছর আগস্টে বন্যায় ব্রহ্মপুত্রের বাঁধ ভেঙে সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, কালীর বাজার-সিংড়িয়া সড়কটি উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি, তালতলা, গজারিয়া ইউনিয়নের গলনা, জিয়াডাঙ্গা, কাতলামারি, উদাখালী ইউনিয়নের সিংড়িয়া, কালীর বাজার গ্রামের সঙ্গে জেলা ও কালীর বাজারের ফুলছড়ি উপজেলা সদরে যোগাযোগের একমাত্র মাধ্যম। কিন্তু সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় স্থানীয় লোকজন সেতুর দুপাশে বাঁশের সাঁকো তৈরি করেছে। সেতুর ওপর দিয়ে লোকজন ও রিকশা-ভ্যান চলাচল করলেও ভারী যানবাহন যেতে পারছে না। ৯ মাস পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংযোগ সড়ক নির্মাণের কোনো উদ্যোগ নিচ্ছে না।
গত সোমবার ঘটনাস্থলে গেলে সেতু পারাপারে মানুষের দুর্ভোগের চিত্র চোখে পড়ে। যাত্রী নামিয়ে কোনোমতে রিকশা-ভ্যান পারাপার করা হচ্ছে। হেঁটে পার হলেও বাঁশের সাঁকো নড়বড় করছে। ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের রিকশাচালক ফজলু মিয়া (৪৫) বললেন, ‘অ্যাকসা পার করব্যার সমায় সাঁকো দোলাদুলি করে। তকন ভয় লাগে, কখন জানি পড়ি যাই। তারপরও অ্যাকসা না চলালে পেটোত ভাত জোটে না, তাই চলব্যার নাগচি।’
একই গ্রামের আরেক ভ্যানচালক বাবলু মিয়া (৪০) বলেন, ‘একানকার ব্যবসায়ীরা জেলা শহোরোত থাকি হামার ভ্যানোত মালামাল আনে। কিনতো অনেক দিন থাকি মালামাল আনব্যার পাইনে।’
একই ইউনিয়নের সিংড়িয়া গ্রামের ব্যবসায়ী শাহ আলম বললেন, এই সড়ক দিয়ে এখানকার ব্যবসায়ীরা ট্রাকে করে মালামাল আনতেন। কিন্তু ৯ মাস ধরে সরাসরি ট্রাক আসতে পারছে না। এ কারণে পরিবহন খরচ বেশি পড়ছে। তাই বেশি দামে পণ্যসামগ্রী বিক্রি করতে হচ্ছে।
উদাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, সেতুর সংযোগ সড়ক নির্মাণে এলজিইডিকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষের টনক নড়ছে না। এর ফলে সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী আখতারুল আহসান মুঠোফোনে বলেন, হঠাৎপাড়া সেতুর সংযোগ সড়ক নির্মাণসহ উপজেলার তিনটি সেতু নির্মাণে একটি প্রকল্প মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি টাকা। বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।