সাঁকো নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একটি বাঁশের সাঁকো নির্মাণ নিয়ে এলাকাবাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় ১২০ ফুট দৈর্ঘ্যের ওই সাঁকোটি নির্মাণে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয় ৯০ হাজার টাকা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাঁকোটি নির্মাণে সাকল্যে খরচ হয়েছে প্রায় ২৬ হাজার টাকা। অথচ নিজেদের উদ্যোগে করা হচ্ছে, এই কথা বলে সাঁকোর জন্য গ্রামবাসীর কাছ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা সংগ্রহ করেছেন ৬৬টি বাঁশ। ঘটনাটি সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে রেলসেতুসংলগ্ন কুমার নদের পাড়ে সোজন বাদিয়ার ঘাট এলাকায়। রেলসেতুর উত্তর পাশে এ সাঁকোর কাজ শুরু হয় গত বছরের ২৫ ডিসেম্বর ও শেষ হয় ৩১ ডিসেম্বর।গ্রামবাসীর অভিযোগ, সাঁকোর জন্য টাকা বরাদ্দ হওয়ার পরও তা গোপন রেখে এলাকাবাসীর বাঁশের ঝোপ থেকে ওই ৬৬টি বাঁশ সংগ্রহ করেন ইউপির চেয়ারম্যান ও সদস্যরা। যাঁরা বাঁশ দিয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, নদের ওপর তাঁদের উদ্যোগে একটি সাঁকো নির্মাণ করা হবে, এর জন্য বাঁশ দিতে হবে। এ কথা শুনে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে এ কাজে এগিয়ে আসেন। বাড়ি বাড়ি গিয়ে বাঁশগুলো সংগ্রহ করেছেন ইউপি সদস্য অসীম বিশ্বাস ও হালিমা বেগম।সাঁকোটি নির্মাণে সরকারি বরাদ্দ দেওয়ার কথা নিশ্চিত করে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান জানান, স্থানীয় ইউপির চেয়ারম্যানের নেতৃত্বে ৯০ হাজার টাকায় ওই বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছে। তিনি আরও জানান, উপজেলা প্রশাসন জমি হস্তান্তর খাতের (ভূমি অফিস থেকে পাওয়া) ১ শতাংশ বরাদ্দের টাকা দিয়ে এটি নির্মাণ করে। এটি নির্মাণে তদারকের কাজে জড়িত ছিলেন শোভারামপুর এলাকার প্রদীপ দাস (৪০)। সাত দিনে এটি নির্মাণ করা হয়। নির্মাণ ব্যয় প্রসঙ্গে প্রদীপ জানান, প্রথম দুই দিন ছয়জন শ্রমিক, পরের চার দিন চারজন ও শেষের এক দিন দুজন শ্রমিক এ কাজে অংশ নেন। এ বাবদ ব্যয় হয়েছে নয় হাজার ৭০০ টাকা। গ্রাম থেকে তোলা ৬৬টি বাঁশ ছাড়াও আরও ৪২টি বাঁশ বাজার থেকে কেনা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে ১১ হাজার ৩০০ টাকা। লোহা (পেরেক) ও জিআই তার কেনা হয়েছে চার হাজার ৭৩০ টাকার। সব মিলিয়ে খরচ হয়েছে ২৫ হাজার ৭৩০ টাকা।অম্বিকাপুর ইউপির চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বলেন, ‘এ সাঁকোর জন্য সরকার বরাদ্দ দিয়েছে। স্থানীয় জনগণের কাছ থেকে বাঁশ তোলার কথা আমি বলিনি। আমার অজান্তে ইউপির সদস্যরা বাঁশ সংগ্রহ করেন। এ খবর আমি জানতে পেরে তাঁদের তিরস্কার করেছি।’ইউপির সদস্য অসিম বিশ্বাসের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ইউপির অন্য সদস্য হালিমা বেগম জানান, যাঁরা বাঁশ দিয়েছেন, তাঁদের অভিযোগ নেই। যাঁরা দেননি, তাঁরাই এসব অভিযোগ করছেন। তিনি দাবি করেন, স্থানীয় জনগণ স্বেচ্ছায় বাঁশ সরবরাহ করেছেন, কাউকে জোর করা হয়নি। চেয়ারম্যানের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘সাঁকোর কাজ আমিই দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে করেছি। এখানে আবার চেয়ারম্যান কী বলবেন?’