সাঁকো বিধ্বস্ত, দুর্ভোগে নয়টি গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতু না থাকায় নিজেরাই উদ্যোগ নিয়ে বানিয়েছিলেন সাঁকো। সেই সাঁকো ভেসে গেছে প্রবল স্রোতে। ফলে প্রায় ২০ দিন ধরে দুর্ভোগে রয়েছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের নয়টি গ্রামের বাসিন্দারা। বিশেষ করে বিদ্যালয়গামী শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, মাধবখালী ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে শ্রীমন্ত নদ। নদের পূর্ব পারে রয়েছে রামপুর, সন্তোষপুর, ভূরিয়া বাজার ও মধ্য রামপুর গ্রাম। এই পারে সাঁকোসংলগ্ন রামপুর মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। নদের পশ্চিম পারে রয়েছে বাজিতা, উত্তর মাধবখালী, মাধবখালী, মুন্সির হাট ও শৌজলিয়া গ্রাম। এসব গ্রামে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। ফলে প্রাথমিকের পাট চুকানোর পর ওই পাঁচটি গ্রামের ছেলেমেয়েদের নদ পেরিয়ে রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে যেতে হয়।
পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে দুই পারের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। সেতু না থাকায় লোকজনকে নৌকায় পারাপার হয়ে প্রয়োজন সারতে হতো। এই অবস্থায় গত জানুয়ারি মাসে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে রামপুর গ্রামের কাছে নদের ওপর ২৬০ ফুট লম্বা ও ৭০ ফুট উঁচু বাঁশের সাঁকো নির্মাণ করে। এরপর থেকে সেটি দুই পারের মানুষজনের জন্য যোগাযোগের বড় মাধ্যম হয়ে ওঠে। কিন্তু গত আগস্ট মাসের মাঝামাঝি পূর্ণিমার প্রভাবে নদে জোয়ারের প্রবল চাপ সৃষ্টি হয়। এতে সাঁকোটির মাঝ বরাবর ভেঙে স্রোতে ভেসে যায়। এরপর থেকে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই পারের বাসিন্দারা। নৌকায় করে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে শিক্ষার্থীদের। কেউ কেউ প্রায় দুই কিলোমিটার ঘুরে কাঁঠালতলি গ্রামের সেতু হয়ে স্কুলে যাওয়া-আসা করছে।
রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, নদের পশ্চিম পারের শতাধিক শিক্ষার্থী এ বিদ্যালয়ে আসে। সাঁকোটি ভেঙে পড়ায় অনেকেই এখন বিদ্যালয়ে আসছে না।
মজিবর রহমান নামের একজন অভিভাবক বলেন, তাঁর বাড়ির পাশে নদের ওপারেই স্কুল। কিন্তু সাঁকো ভেঙে যাওয়ায় তাঁর স্কুলপড়ুয়া মেয়েকে নৌকায় করে পারাপার হতে হচ্ছে। ভয় হয়, পার হতে গিয়ে কখন দুর্ঘটনার শিকার হয় সে। তিনি বলেন, জরুরি সেতু নির্মাণ করা না হলে অনেকেই তাঁদের মেয়েদের স্কুলে পাঠাতে নিরুৎসাহিত হবেন।
এলজিইডির পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মো. হানিফ প্রথম আলোকে বলেন, বিধ্বস্ত সাঁকোটি সরেজমিন পরিদর্শন করা হয়েছে। ওই নদের ওপর একটি সেতু নির্মাণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুমোদন পেলে সেতুর নির্মাণকাজ শুরু হবে।