সাঁকো হেলে পড়ায় দুর্ভোগ

পটুয়াখালী সদর উপজেলার পাতাবুনিয়া খালের ওপর ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটি হেলে পড়েছে। ফলে এটি দিয়ে চলাচল করা যাচ্ছে না। এ কারণে দুর্ভোগে পড়েছে পাঁচ গ্রামের মানুষ। এক বছর আগে গ্রামের মানুষ নিজ উদ্যোগে সাঁকোটি তৈরি করে।
সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চর বলইকাঠি গ্রামে পাতাবুনিয়া খাল। খালের ওপর হেলে পড়েছে বাঁশের সাঁকোটি। এখন পারাপারের একমাত্র বাহন নৌকা। স্থানীয় অনেকে জানান, রোববার সকালে জোয়ারের স্রোতে সাঁকোটি ভেঙে যায়।
খালের ওপারে পাঁচটি গ্রাম—চর বলাইকাঠি, কেওয়াবুনিয়া, চর লক্ষ্মী, বাহারখাঁ ও আখইবাড়িয়া। গ্রামগুলোতে নেই প্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা দোকানপাট। কয়েক হাজার মানুষকে প্রতিনিয়ত খালের ওপারের খারিজ্জমা বাজারে যেতে হয়। কিন্তু এখন সাঁকো না থাকায় তারা পড়েছে বিপদে। বিশেষ করে বিদ্যালয়-কলেজগামী শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হতে হচ্ছে।
বাহারখাঁ গ্রামের কৃষক আবদুল হালিম বলেন, আশপাশের গ্রামে হাট-বাজার ও দোকানপাট নেই। কিছু কিনতে বা বিক্রি করতে গেলে খালের ওপারেই যেতে হয়। মালামাল নিয়ে আসা-যাওয়া করতেও সমস্যা হচ্ছে।
খারিজ্জমা ইছাহাক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইউনুচ ফকির জানান, খালের এপারে ইছাহাক মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও রয়েছে খারিজ্জমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খারিজ্জমা ডিগ্রি কলেজ। খারিজ্জমা ইছাহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান বলেন, এই পাঁচ গ্রামের তিন শতাধিক শিক্ষার্থী খারিজ্জমা এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করে। কিন্তু সাঁকো ভেঙে যাওয়ায় শিশুসন্তানদের স্কুলে পাঠাতে চাইছেন না অভিভাবকেরা। কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ছালাম মৃধা বলেন, এখানে একটি পাকা সেতু করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ (এলজিইডি) বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোনো সাড়া মিলছে না।
এলজিইডি পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী আবু সালেহ্ মো. হানিফ প্রথম আলোকে বলেন, জেলায় সড়ক ও সেতু নির্মাণে নতুন একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন করা হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।