সাঁকোটি পাড়ি দিতে শিশুদের ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাল পারাপারের জন্য একটিমাত্র বাঁশ। ওপরে ধরার জন্য আছে আরেকটি। এমনই একটি সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া-আসা করে শিক্ষার্থীরা। বর্ষায় ওই সাঁকো পাড়ি দিতে দুর্ঘটনার আশঙ্কায় অভিভাবকেরা সন্তানদের বিদ্যালয়ে যেতে দিতে চান না।ময়মনসিংহের নান্দাইল উপজেলার পুরহরি গ্রামে নরসুন্দা খালের ওপর বাঁশের সাঁকোটি অবস্থিত। আনুমানিক ৮০ ফুট দীর্ঘ এ সাঁকো পার হয়ে প্রতিদিন আমোদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় শতাধিক শিক্ষার্থী। বড়রা সাঁকোটি পার হতে পারলেও শিশুদের জন্য এটি ঝুঁকিপূর্ণ বলে জানান গ্রামবাসী। বিদ্যালয়টি খালের পূর্ব দিকে আর পশ্চিম দিকে পড়েছে পুরহরি গ্রাম। মাঝখানে নরসুন্দা খাল।গত ২৮ মে দুপুরে সরেজমিনে কথা হয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর লুবনা আক্তার, ঝুমা আক্তার ও দ্বিতীয় শ্রেণীর প্রিয়ার সঙ্গে। তারা বলে, ‘সাঁকো পার অইতে ভয় তো করেই। কী করবাম! স্কুলে যাইতে অইলে সাঁকো পার হউন লাগব।’দুপুর সোয়া বারোটার দিকে বিদ্যালয় ছুটি হয়েছে। শিক্ষার্থীরা বাড়ি ফিরছিল। সাঁকো পার হতে গিয়ে প্রথম শ্রেণীর রায়হান ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সেতু পা পিছলে পানিতে পড়ে যায়। খালে পানি কম থাকায় সেদিন কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু দুজনেরই বই-খাতা ভিজে যায়। পুরহরি গ্রামের আবদুস সালাম বলেন, বিগত সময়ে নান্দাইলে যতগুলো নির্বাচন হয়েছে, এর প্রতিটিতে প্রার্থীরা এখানে এসে নরসুন্দা খালের ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কেউ কথা রাখেননি।ইব্রহিম মিয়া ও রিয়াজ উদ্দিন বলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া ও আচারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম নির্বাচনের আগে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। গোলাম রব্বানী নামে গ্রামের আরেক ব্যক্তি বলেন, বর্ষাকালে আমাদের গ্রামের শিশুরা ওই সাঁকো দিয়ে বিদ্যালয়ে যেতে পারে না।সে সময় তাদের লেখাপড়া একরকম বন্ধ থাকে। জানতে চাইলে নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, অনেকে অনেক কথা বলে। কিন্তু একজন উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষে একটি সেতু করে দেওয়া সম্ভব নয়। তিনি দাবি করেন, মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। সাঁকোর জায়গায় একটি সেতু নির্মাণের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।আমোদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম ভূঁইয়া জানান, এ সাঁকোর জন্য শিশুরা বিদ্যালয়ে আসতে ভয় পায়। প্রতিদিন এক-দুজন শিশু সাঁকো থেকে পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটছে।