সাঁকোতে উঠে সেতু পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কল্লা গ্রামে বাসাইল খালের ওপর সেতুটি মরণফাঁদে পরিণত হয়েছে। দুই পাশে সংযোগ-সড়কের অভাবে বাঁশের সাঁকো দিয়ে কংক্রিটের সেতুটি পার হতে হয়। জানা গেছে, সেতুটি নির্মাণকালে সংযোগ-সড়কের মাটি ধরে রাখার জন্য কোনো দেয়াল তৈরি করা হয়নি। নির্মাণের পর মাটি দেওয়া হলেও বর্ষায় পানির স্রোতে মাটি সরে গিয়ে সংযোগ-সড়কের জায়গায় আট-দশ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ২০০২-০৩ অর্থবছরে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। প্রাক্কলন ব্যয়ে সংযোগ-সড়কের মাটি ধরে রাখার জন্য দেয়াল তৈরির বিষয়টি রাখা হয়নি। ফলে নির্মাণের পর মাটি ফেলা হলেও ওই বছরই বর্ষায় মাটি পুরোপুরি সরে যায়। এই রাস্তা দিয়ে দামিহা, কল্লা, রাহেলা, ভাদেরা, দক্ষিণনগর, হাতকাজলা, বৌশের বাজারসহ বিভিন্ন গ্রামের লোকজন তাড়াইল সদরসহ করিমগঞ্জ উপজেলার নেয়ামতপুর বাজারে যাতায়াত করে। সেতুর আশপাশের এলাকার লোকজনের দাবি, গত কয়েক বছরে বাঁশের সাঁকো দিয়ে সেতু পারাপারের সময় কমপক্ষে ৫০ জন নিচে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। গত মার্চে কল্লা গ্রামের চার মেয়েশিশু বাঁশের সাঁকো থেকে নিচে পরে গুরুতর আঘাত পায়। কল্লা গ্রামের বাসিন্দা হাছেন আলী (৬৫) বলেন, ‘এইড্যা পুল না মরণের কল?’ একই গ্রামের গৃহবধূ আম্বিয়া খাতুন (৪০) বলেন, ‘বাঁশের সাঁকো দিয়ে সেতুতে ওঠার সময় প্রাণটা হাতে নিয়ে উঠতে হয়।’ দিগদাইড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সারোয়ার আলম বলেন, ‘সেতু এবং রাস্তা নিয়ে এলাকাবাসীর দুর্দশার কথা আমি জানি। বর্ষায় পানির ঢেউয়ে রাস্তার কিছু অংশের মাটি সরে গেছে। অচিরেই ভাঙা রাস্তায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাটি কাটা শুরু হবে।’ তাড়াইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব বলেন, সেতুটি নির্মাণের সময় যথাযথভাবে সংযোগ-সড়কের জন্য দেয়াল নির্মাণ করা হয়নি। তাই সেতুর দুই পাশের মাটি সরে গেছে। তাড়াইলের স্থানীয় সরকার প্রকৌশলী মো. মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি আমার জানা ছিল না। আগামী অর্থবছরে সেতুর দুই পাশে দেয়ালসহ মাটি কাটার ব্যবস্থা করা হবে।’