সাঁজোয়া যানে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধের তৃতীয় দিন গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় অবরোধকারীরা পুলিশের সাঁজোয়া যানে হামলা করেছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় দুই পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হন।
এ ছাড়া নগরের চারখোটার মোড়ে পুলিশের গুলিতে অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার রাতে নগরের বিনোদপুর এলাকায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
এদিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে বিএনপির মিছিল থেকে চালানো ককটেল হামলায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে নগরের শালবাগান এলাকায় ১৮ দলের নেতা-কর্মীরা মিছিল বের করেন। তাঁরা রাজশাহী-নওগাঁ মহাসড়কের ওপরে বিদ্যুতের খুঁটি, কাঠ ও আগুন জ্বালিয়ে অবরোধ করেন। পুলিশ সাঁজোয়া যান নিয়ে সেখানে পৌঁছালে অবরোধকারীরা যানটি লক্ষ্য করে ককটেল, পেট্রলবোমা ও ইটপাটকেল ছুড়তে থাকেন। পেট্রলবোমা বিস্ফোরিত হয়ে সাঁজোয়া যানে আগুন ধরে যায়। যানটি দ্রুত ওই স্থান থেকে সরে গেলে বাতাসে আগুন নিভে যায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে রাবার বুলেট ছুড়লে অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, পুলিশ কয়েকটি রাবার বুলেট ছুড়লে অবরোধকারীরা পালিয়ে যান। সকাল নয়টার দিকে নগরের চারখোঁটার মোড়ে শিবিরের কর্মীরা রাস্তায় আগুন জ্বেলে অবরোধ করলে রাজপাড়া থানার একদল পুলিশ ফাঁকা গুলি ছুড়লে পুলিশের দাঙ্গাদমন বিভাগের কনস্টেবল রেজাউল করিম গুলিবিদ্ধ হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় একজন রিকশাচালকও পায়ে গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।
বুধবার দিবাগত রাতে নগরের বিনোদপুর এলাকায় মহানগর ছাত্রলীগের সাবেক সহসাধারণ সম্পাদক সেলিম রেজা খানকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মতিহার থানার ওসি আবদুল মজিদ বলেন, বাড়ি ফেরার সময় বিনোদপুরের হানুফার মোড়ে একদল দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাঁর মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করা হয়েছে। শিবিরের কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
এনায়েতপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল ভোরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা বিএনপির একটি মিছিল কেজির মোড় এলাকায় গেলে মিছিলকারীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে স্থানীয় চা বিক্রেতা আবদুর রাজ্জাকের স্ত্রী হেলেনা বেগম, পিঠা বিক্রেতা আজগার হোসেন ও তাঁর ছেলে ইউসুফ আলী আহত হন। গুরুতর আহত হেলেনা বেগমকে স্থানীয় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত তিন ব্যক্তিকে নিজেদের দলের কর্মী দাবি করে এবং এর প্রতিবাদে জেলা বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল গতকাল নিরুত্তাপভাবে পালিত হয়েছে। সকাল সোয়া ছয়টার দিকে জেলা শহরের সমাজকল্যাণ মোড়ে হরতাল ও অবরোধর সমর্থনে জামায়াতের কর্মীরা টায়ারে আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা একটি ঝটিকা মিছিল বের করেন। বিকেলে সিরাজগঞ্জ-নলকা সড়কের চণ্ডীদাসগাতী এলাকায় হরতালের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। এ ছাড়া শহরের আর কোথাও কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।