সাঁতরে কত না হাওর পাড়ি দিয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের হাওর ভ্রমণের দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার অষ্টগ্রাম থেকে হাওরে ঘুরতে বের হয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, ‘এই হাওরের পানির স্পর্শ নিয়ে শিশুকাল থেকে শুরু করে আজকের এই পর্যায়ে এসেছি। সাঁতরে কত না হাওর পাড়ি দিয়েছি। সেই দিনগুলোর কত না স্মৃতি, কত ঘটনা। আজ সবই ইতিহাস।’
রাষ্ট্রপতি বলেন, ‘বর্ষায় হাওরের সৌন্দর্য অন্য রকম। এখন চাইলেও সেই সৌন্দর্য দেখতে আসতে পারি না। ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতা থাকাকালেও আসতে পেরেছি। স্পিকার হওয়ার পর কিছুটা কমে গেছে। আর রাষ্ট্রপতি হয়ে আসার সুযোগ হারিয়েছি।’
অষ্টগ্রাম থেকে মিঠামইনে আসার পথে রাষ্ট্রপতিকে একনজর দেখতে হাওরপাড়ে দাঁড়িয়েছিলেন আশপাশের বাড়িগুলোর নারী-পুরুষ। রাষ্ট্রপতি হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান। বেশ কয়েকটি স্থানে গ্রামবাসী তাঁদের সমস্যার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে বাজিতপুরের দীঘিরপাড় এলাকায় নৌযান পরিবহন শ্রমিকেরা ছোট ছোট নৌকা নিয়ে নদীতে অবস্থান করেন। এ সময় তাঁদের হাতে ছিল নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবিসংবলিত ব্যানার। পরে বাজিতপুর নৌপরিবহন শ্রমিক সমিতির সভাপতি জাহাঙ্গীর মিয়া রাষ্ট্রপতির হাতে একটি স্মারকলিপি তুলে দেন।
এর আগে সকাল আটটায় নৌবাহিনীর একটি নৌযানে করে সফরসঙ্গীদের নিয়ে জন্মভূমি মিঠামইন উপজেলায় যান রাষ্ট্রপতি। তাঁকে বহনকারী নৌযানটি মিঠামইন লঞ্চঘাটে পৌঁছায় দুপুর ১২টা ২৫ মিনিটে। এ সময় তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া, রাষ্ট্রপতির ছেলে স্থানীয় সাংসদ রেজুয়ান আহমেদ, কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ আফজাল হোসেন ও পরিবারের সদস্যরা। নৌযান থেকে তিনি হেঁটে পুরাতন ডাকবাংলো মাঠে গিয়ে এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দেন।