সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ
চিকিৎসকের পরামর্শে নেশা থেকে বিরত থাকতে বংশাই নদীতে সাঁতার কাটতে যান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের মীর ইমরান হোসেন (৩৮)। সোমবার নদীতে ডুব দিয়ে আর ওঠেননি তিনি। তিনি মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর বড় ছেলে।
পুলিশ, এলাকাবাসী ও তাঁর পরিবার জানায়, ইমরান হোসেন মাদক ছাড়ার প্রতিজ্ঞা নিয়ে চিকিৎসকের পরামর্শে এক সপ্তাহ ধরে বংশাই নদীর ওই স্থানে সাঁতার কাটতে যেতেন। প্রতিদিনের মতো গতকাল সকালে বংশাই নদীতে নামলে ডুবে যান। মির্জাপুর থানার পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বলেন, মির্জাপুর দমকল বাহিনীর সদস্যদের মধ্যে ডুবুরি না থাকায় ঢাকা থেকে ডুবুরি এসে লাশের সন্ধান করছেন।