সাঁতার কাটতে গিয়ে কিশোরের মৃত্যু
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের পুকুর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তরিকুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ডুবে গিয়েছিল সে।
আজ রোববার দুপুরে শাহপরান থানার পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।
নগরের বালুচর এলাকার মোহাম্মদীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল তরিকুল। সে নগরের খরাদিপাড়ার বাসিন্দা ফজলু ইসলামের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল তরিকুল কয়েকজন বন্ধুকে নিয়ে ছাত্রাবাসের পুকুরে সাঁতার কাটতে যায়। এ সময় সে ডুবে গেলে সঙ্গীরা পরিবারকে জানায়। এরপর খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। আজ বেলা সাড়ে ১১টার দিকে পুকুরে লাশ ভেসে উঠলে পুলিশকে খবর দেওয়া হয়।
মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।