সাঁতার না জানায় দুই কিশোরীর মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ারে পানিতে ডুবে দোলন (১৫) ও স্মৃতি (১৬) নামের দুই কিশোরী মারা গেছে। রোববার সকালে উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের ফুলতারা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় লোকজন জানান, মিরপুর এলাকার বাসিন্দা বাবুল মিয়ার মেয়ে দোলন ও মো. বুদ্দু মিয়ার মেয়ে স্মৃতি সম্পর্কে চাচাতো বোন। জেএসসি পরীক্ষা শেষে মায়ের সঙ্গে ফুফুবাড়িতে বেড়াতে এসেছিল তারা। বেলা ১১টার দিকে ফুফুবাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে তারা। একসময় পানিতে তলিয়ে যায় তারা। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধারে পানিতে নামে।
উদ্ধারকাজে অংশ নেওয়া হাফেজ মিয়া জানান, ওই দুজন সাঁতার জানত না। পুকুরে কচুরিপানা থাকায় উদ্ধারে দেরি হয়। প্রায় ১৫ মিনিট পর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রিফাত সাবরিনা জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।