সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার খুকনী গ্রামের পুকুরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র মুজাহিদুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে পুকুরে জাল টেনে লাশটি উদ্ধার করা হয়। মুজাহিদুল ইসলাম (১৯) গাইবান্ধার সাদুল্যাপুরের ছাইগাড়ি গোবিন্দপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। তিনি খুকনী জামিয়া হাছাইনিয়া মাদীনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতেন।
মাদ্রাসার মহতামিম মাওলানা আবদুর রাজ্জাকবলেন, গত শুক্রবার দুপরে সহপাঠীদের সঙ্গে মাদ্রাসার পাশের একটি পুকুরে সাঁতার শিখতে গিয়ে তিনি নিখোঁজ হন। সাঁতার কাটা শেষেসঙ্গীরা উঠে এলেও তিনি পারেননি। এরপর তাঁকে অনেক খোঁজ করেও পাওয়া যাচ্ছিল না। গতকাল শনিবার সকালে ওই পুকুরের মধ্যে জাল দিয়ে তল্লাশি চালিয়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।