সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল
কুষ্টিয়ায় পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুরে ডুবে গতকাল সোমবার নাজমুল হোসাইন (২৪) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নাজমুল মেহেরপুরের গাংনী উপজেলার থানাপাড়া এলাকার আবদুল বারীর ছেলে।প্রত্যক্ষদর্শী কুষ্টিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র জামিলুর রহমান বলেন, প্রতিদিনের মতো গতকাল সকাল ছয়টার দিকে নাজমুলসহ তাঁরা কয়েকজন পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে ফুটবল খেলতে যান। এক ঘণ্টা খেলার পর সাতটার দিকে মাঠের পাশের পুকুরে তাঁরা গোসল করতে নামেন। এ সময় সাঁতার শেখার জন্য নাজমুলও পানিতে নামেন। ফুটবলের ওপর ভর দিয়ে সাঁতার শেখার একপর্যায়ে নাজমুলের হাত থেকে বলটি ছুটে গেলে তিনি পানিতে তলিয়ে যান। জামিলুর জানান, ওই সময় নাজমুলকে উদ্ধার করতে গিয়ে তিনি নিজেও পানিতে তলিয়ে যান। পরে নাজমুলকে ছেড়ে দিতে বাধ্য হন তিনি। এরপর পলিটেকনিকের ছাত্ররা এসে নাজমুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. বদরুদ্দোজা, কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকেরাসহ নাজমুলের সহপাঠীরা হাসপাতালে ছুটে যান।কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।