সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল দুই ছাত্রের
সাঁতার শিখতে গিয়ে দিনাজপুরের পার্বতীপুরে করতোয়া নদীতে ডুবে দুই স্কুলছাত্র মারা গেছে। করতোয়া নদীর রেল সেতুর কাছে গত সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
ওই দুজন হচ্ছে পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্র রাজেদুল আহমেদ ওরফে রোহান (১২) ও মাহবুব হাসান ওরফে মৃদুল (১১)। রোহান পার্বতীপুরের শহীদ মাহাবুব সেনানিবাসের ২১ বেঙ্গল রেজিমেন্টের সার্জেন্ট আহমেদের ছেলে। তাঁদের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কেরামতপাড়ায়। মৃদুল একই সেনানিবাসের ৭ ফিল্ড রেজিমেন্টের ল্যান্স করপোরাল কবীরের ছেলে। তাঁদের বাড়ি গাজীপুরের কাপাসিয়ার বীরওজালী গ্রামে।
বিদ্যালয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শহীদ মাহাবুব সেনানিবাসের উত্তর পাশে পার্বতীপুর-রংপুর রেললাইনের কাছে পাশাপাশি দুটি বাড়িতে রোহান ও মৃদুলের পরিবার ভাড়া থাকে। একই শ্রেণীতে লেখাপড়া করায় তাদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। প্রায়ই একসঙ্গে খেলাধুলা করত তারা। গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বিদ্যালয় ছুটি হওয়ার পর তারা রেল সেতুর কাছে করতোয়া নদীতে সাঁতার শিখতে যায়। নদীতে নামার পর তারা আর ফিরে আসেনি। বিকেল পাঁচটার দিকে অভিভাবকেরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
স্থানীয় লোকজন ও স্বজনেরা সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রোহান এবং সাড়ে সাতটার দিকে মৃদুলকে নদী থেকে উদ্ধার করে। পরে সেনানিবাসের ৫০ শয্যার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। রাত ১০টায় সেনানিবাসে প্রথম জানাজা শেষে লাশ সেনাবাহিনীর গাড়িতে করে তাদের গ্রামের বাড়িতে পাঠানো হয়।
পার্বতীপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ শ্যামল কুমার চক্রবর্তী বলেন, ‘দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাভিভূত।’ এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে