সাঁতারে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন স্পট ভোলাগঞ্জের সাদা পাথরের স্বচ্ছ পানিতে সাঁতার কাটতে নেমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। রোববার বেলা দেড়টার দিকে ভোলাগঞ্জ জিরো পয়েন্টে ধলাই নদে এই ঘটনা ঘটে।

নিখোঁজ ওই তরুণের নাম হাসানুর রহমান (২২)। তিনি সিলেটের বেসরকারি লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে আট বন্ধু মিলে ভোলাগঞ্জ জিরো পয়েন্টে ঘুরতে গিয়েছিলেন হাসানুর রহমান। বেলা একটার দিকে সাদা পাথরের ধলাই নদে সবাই মিলে গোসল করতে নামেন। এ সময় প্রবল স্রোতে তলিয়ে যান হাসানুর। একপর্যায়ে বন্ধুরা তীরে উঠে এলেও হাসানুরকে পাওয়া যায়নি। পরে স্থানীয় লোকজন নৌকা নিয়ে তাঁকে খোঁজাখুঁজি করেও পাননি।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তরুণ নিখোঁজের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়। সিলেট ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানোর পর বিকেলে একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।