সাঁথিয়া থমথমে, আরও এক মামলা, গ্রেপ্তার ৯
পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের গ্রামে হামলা, বাড়িঘর-দোকানপাট ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। সেখানে এখনো থমথমে অবস্থা ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার তদন্তে জেলা প্রশাসনের তিন সদস্যের একটি কমিটি কাজ শুরু করেছে।
গত রোববার রাতে আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বাদী হয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলাটি করেন। মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ২০০-৩০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর আগে গত রোববার বিকেলে হামলা-লুটপাট ও ভাঙচুরের ঘটনায় প্রথম মামলাটি হয়েছে।
গত শনিবার সংঘটিত ওই হামলার পর গত দুই দিনে পুলিশ আশপাশের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন সাঁথিয়া উপজেলার ভৈরবপুর গ্রামের হেলাল মোল্লা (৪৫), গাঙ্গোহাটি গ্রামের জনি হোসেন (২৫), লিখন হোসেন খান (৩০), বনগ্রামের দাউদ বিশ্বাস (৪৩), রেজাউল বিশ্বাস (৩০), রুবেল বিশ্বাস (২২), গৌরীগ্রামের রেজাউল করিম (২৮), করমজা গ্রামের সানোয়ার হোসেন (২৬) ও মিয়াপুর গ্রামের আলমগীর হোসেন (৩২)। এঁরা সবাই ঘটনায় দায়ের করা দুটি মামলার এজারভুক্ত আসামি।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দায়ের করা মামলা দুটির আসামির তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের সমর্থক রয়েছেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ওই দিন পুলিশের হামলা ও ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। হামলাকারীদের চিহ্নিত করেই মামলাটি করা হয়েছে।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক বলেন, ‘ঘটনাটি পরিকল্পিত ছিল। একটি বিশেষ মহল অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের রক্ষার পাঁয়তারা করছে। এখানে আওয়ামী লীগ নামধারী কেউ থেকে থাকলে তাদেরকে ওই বিশেষ মহল সুকৌশলে বিভ্রান্ত করে ফাঁসিয়েছে। তবে ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ১৮-দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। চাঁদাবাজি নিয়ে এর সূত্রপাত। মূল হোতাদের অধিকাংশই যুবলীগ-ছাত্রলীগের কর্মী। এর সঙ্গে বিএনপি-জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। আমরা জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।’
তদন্ত কমিটি: ঘটনার পরদিন রোববার পাবনা জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুন্সি মুনিরুজ্জামনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। অপর দুই সদস্য হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাইন হোসেন ও ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম।
সরেজমিন বনগ্রাম সাহাপাড়া ও ঘোষপাড়া: গ্রাম দুটিতে এখনো আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল থাকলেও আতঙ্ক কাটছে না গ্রামবাসীর। নাম প্রকাশ না করার শর্তে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের একজন বলেন, ‘ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের পাহারা দিয়ে রেখেছেন। কিন্তু এভাবে কত দিন চলবে? পুলিশ চলে গেলে কী হবে, সেই আতঙ্কে শরীর ঠান্ডা হয়ে আসছে। ভাঙা ঘরবাড়ি মেরামতেরও শক্তি পাচ্ছি না।’
প্রসঙ্গত, স্থানীয় ব্যবসায়ী বাবলু সাহার ছেলে রাজীব সাহা (১৫) ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেছে—এই গুজবে পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজার ও বনগ্রামে শনিবার হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু বাড়ি ও মন্দিরে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাবলু সাহা বাদী হয়ে প্রথম মামলাটি করেন।
হামলার নিন্দা: গতকাল সোমবারও হামলার ঘটনায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করা হয়েছে। সংগঠনগুলো হলো বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, বাংলাদেশ সচেতন হিন্দু পরিষদ, বাংলাদেশ সনাতন ধর্মীয় সম্মিলিত পরিষদ, জাতীয় মুক্তি কাউন্সিল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও ঐক্য ন্যাপ।
সিলেট প্রতিনিধি জানান, সাঁথিয়ায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। তাঁদের মধ্যে রয়েছেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ, উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী, কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, শিশুসাহিত্যিক তুষার কর, কবি জফির সেতু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কীম, বাউল-গীতিকার শাহ নূরজালাল প্রমুখ।