সাঁথিয়ায় আক্রান্ত এলাকা দেখলেন সিপিবি ও বাসদ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘুদের ওপর হামলার মধ্য দিয়ে উগ্র সাম্প্রদায়িক শক্তি এখন আমাদের অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিমূলে আঘাত হানছে বলে মন্তব্য করেছেন বাম সংগঠনগুলোর নেতারা। একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য নেতারা সরকারের কঠোর সমালোচনাও করেছেন।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা পাবনার সাঁথিয়ায় আক্রান্ত এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন। নেতারা আক্রান্ত এলাকায় সংখ্যালঘুদের সঙ্গে কথা বলেন।
আওয়ামী লীগ ও বিএনপির প্রতি অভিযোগ করে বাম নেতারা বলেন, এরা হামলাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এই আঘাত আমাদের মুক্তিযুদ্ধের ওপর। এতে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীরাও অংশ নিয়েছেন বলে নেতারা অভিযোগ করেন। এ বিষয়ে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করা হবে বলে জানান তাঁরা।
এদিকে সকালে ন্যাপ মিলনায়তনে ‘পাবনায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ’ শীর্ষক জাতীয় শ্রমিক আন্দোলন আয়োজিত সভায় এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, পাবনায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা যেমন ন্যক্কারজনক, ঠিক তেমনই এই হামলাকে কেন্দ্র করে রাজনীতি করাও ন্যক্কারজনক।