সাঁথিয়ায় আড়াই মাসে ছয় খুন
পাবনার সাঁথিয়া উপজেলায় গত আড়াই মাসে ছয়জন খুন হয়েছেন। তাঁদের মধ্যে যৌতুক ও দাম্পত্য কলহের জের ধরে তিনজন গৃহবধূ খুন হন।
পুলিশ ও কয়েকজন এলাকাবাসী জানান, ২৩ মার্চ সাঁথিয়ার তেঘরী মহল্লার সুরুজ (৫৫) মিয়াকে শ্বাস রোধে করে হত্যা করা হয়। পুলিশ সন্ধ্যায় সোনাতলা গ্রামের একটি গমখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ হেনা খাতুন (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।
২৬ মার্চ উপজেলার নাগডেমড়া গ্রামে রীমা রানী দাস (১৮) নামের এক গৃহবধূ খুন হন। যৌতুকের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে খুন করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় স্বামী পরিতোষ দাস (২২) ও শ্বশুর মিষ্টুম দাসকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ।
৪ মে দুপুরে কাশীনাথপুর বাজারে সন্ত্রাসীরা মেহেদী হাসান (৪৫) নামের এক চায়ের দোকানদারকে গুলি করে হত্যা করে। এ সময় মেহেদী দোকানে কাজ করছিলেন। তিনি সুজানগর উপজেলার চব্বিশমাইল গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন।
সর্বশেষ খুনের ঘটনা ঘটে ২৯ মে আফরা গ্রামে। ফুলমালা খাতুন (৩৬) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজন মারধর করেন। পরে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ফুলমালার স্বামী আবদুর রউফ, ছেলে ফারুক, ভাশুর আজের উদ্দিন ও ভাশুরের স্ত্রী চঞ্চলী বেগমকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ বলেন, বর্তমানে সাঁথিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এসব খুনের ঘটনা বিচ্ছিন্ন। ইতিমধ্যেই এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।