সাঁথিয়ায় আতঙ্ক, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজার ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের গ্রামে হামলা, বাড়িঘর-দোকানপাট ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় গতকাল রোববার মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ও ৭২ ঘণ্টার মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন হাইকোর্ট।

বনগ্রাম সাহাপাড়ার ব্যবসায়ী বাবলু সাহা বাদী হয়ে আতাইকুলা থানায় মামলাটি করেন। মামলায় বিএনপি ও জামায়াত-সমর্থিত কয়েকজনসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন বনগ্রাম পূর্বপাড়া গ্রামের খোকন হোসেন, চরপাড়া গ্রামের মানিক, বনগ্রাম গ্রামের লতিফুর রহমান, জুয়েল রানা, ফজলুর রহমান, নজরুল ইসলাম, রাসেল, খাজা, রবি ও সাদ্দাম। পুলিশ রেজাউল করিম নামে একজনকে গ্রেপ্তার করেছে।

ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার গুজব ছড়িয়ে গত শনিবার বনগ্রাম বাজার ও বনগ্রাম গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘর-দোকানপাট ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ঘটনার পর অনেকে ভয়ে সন্তানদের বাড়ি থেকে অন্যত্র পাঠিয়ে দিয়েছেন। মামলায় বাদী অভিযোগ করেন, আসামিরা তাঁর বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। ঘটনার দিন সকাল নয়টার দিকে আসামি খোকন ও মানিকের নেতৃত্বে একদল যুবক দোকানে তাঁর ছেলে রাজীব সাহাকে খুঁজতে থাকেন। যুবকেরা তাঁকে জানান, রাজীব ফেসবুকে নবী সম্পর্কে কটূক্তি করেছেন। তাঁকে এখনই হাজির করতে হবে। নইলে তাঁকে যেখানে পাওয়া যাবে, সেখানেই হত্যা করা হবে।

আতাইকুলা থানায় গতকাল বিকেলে বাবলু প্রথম আলোকে জানান, বনগ্রাম বাজারের বড় ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন ধরেই তিনি বিভিন্ন মহলকে চাঁদা দেন। গত জুনে তাঁর মেয়ের বিয়ে ঠিক হলে একটি পক্ষ তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ৬ জুন থেকে ৮ আগস্ট পর্যন্ত তাঁর মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও চাঁদা চাওয়া হয়। চাঁদা না দিলে তাঁর ছেলেকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। মনে হচ্ছে, চাঁদার টাকার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে।

কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, মামলার প্রধান আসামি খোকন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বাবা মতিউর রহমানও বিএনপির সমর্থক। চাচা মাহবুব মোর্শেদ সাঁথিয়া উপজেলা বিএনপির সভাপতি। দ্বিতীয় আসামি মানিকের বাবার নাম কালাম মুহুরি। তিনি জামায়াতের সমর্থক। গ্রেপ্তার করা রেজাউল বিএনপির কর্মী। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে। গ্রেপ্তার করা রেজাউল এজাহারভুক্ত আসামি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিরাপত্তার খাতিরে ব্যবসায়ী বাবলুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গতকাল সরেজমিনে বনগ্রাম সাহাপাড়া ও ঘোষপাড়ায় গিয়ে দেখা যায়, বেশির ভাগ বাড়িঘর ভাঙা পড়ে আছে। জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছেন। ঘোষপাড়া গ্রামের বৃদ্ধা বিষ্ণু প্রিয়া সাহা বলেন, ‘জীবনে এরম ঘটনা দেখিনি। ঝড়ের বেগে কারা যেন এসে সব তছনছ করে গেল।’ সুসমা সাহা বলেন, ‘লাঠিসোঁটা নিয়ে ওরা ঝড়ের বেগে আসে। ভয়ে জান নিয়ে পালিয়েছিলাম। ফিরে দেখি সব তছনছ।’

২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ: এদিকে গতকাল বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এক আদেশ দেন। এতে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ এবং ৭২ ঘণ্টার মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

সাঁথিয়ার ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতে তুলে ধরেন আইনজীবী সুব্রত চৌধুরী ও এ এম আমিন উদ্দিন। আদালত ওই এলাকায় পুলিশ মোতায়েনের নির্দেশ দেন। সেই সঙ্গে ফেসবুকে ওই মন্তব্য পোস্টকারী ব্যক্তিকে চিহ্নিতকরণে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে।

রুলে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, আইজি, পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, সাঁথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও আতাইকুলা থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সম্প্রীতি সমাবেশ: উপজেলা প্রশাসন গতকাল গ্রামে সম্প্রীতি সমাবেশ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে নগদ টাকা, চাল ও ঢেউটিন বিতরণ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম খোরশেদ আলম, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেঞ্চদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সাংবাদিক ও কলাম লেখক রণেশ মৈত্র প্রমুখ।

প্রতিবাদ ও নিন্দা: সংখ্যালঘু গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমগীর ক্ষোভ ও নিন্দা জানিয়ে অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ছাড়া সুশাসনের জন্য নাগরিক (সুজন), বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আইন ও সালিশ কেন্দ্র, গণসংহতি আন্দোলন, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ যুব মৈত্রী, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চসহ বিভিন্ন সংগঠন এই ঘটনার নিন্দা ও জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেছে।