সাঁথিয়ায় আতঙ্কের মধ্যে সংখ্যালঘুদের ঘর গোছানো শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম এলাকায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের গ্রামে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। ক্ষতিগ্রস্ত লোকজন ঘরবাড়ি মেরামত এবং সবকিছু গোছানোর কাজ করছেন। তবে তাঁদের আতঙ্ক কাটছে না। হিন্দু সম্প্রদায়ের গ্রামে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তথ্যপ্রযুক্তি ও পর্নোগ্রাফি আইনে গতকাল মঙ্গলবার আরেকটি মামলা হয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ১৮-দলীয় জোট নেতারা অভিযোগ করেছেন, বনগ্রাম বাজার ও বনগ্রাম গ্রামে সহিংস হামলার জন্য ছাত্রলীগ ও যুবলীগ দায়ী। প্রকৃত ঘটনা আড়াল করতে প্রশাসন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে তাঁদের হয়রানি করছে।
বাবলু সাহার ছেলে রাজীব সাহা (১৫) ফেসবুকে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করেছে, এই গুজব ছড়িয়ে গত শনিবার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজার ও বনগ্রাম গ্রামে হিন্দু সম্প্রদায়ের দোকানপাট ও ঘরবাড়িতে হামলা, ভাঙচুর চালানো হয়।
গতকাল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে তাঁদের বাড়ি-ঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ টাকা দেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা তাঁদের খোঁজখবর নিচ্ছে। অনেকে ঘরবাড়ি মেরামত শুরু করেছেন। তবে আতঙ্ক পুরোপুরি না কাটায় হিন্দু সম্প্রদায়ের অনেক ব্যবসায়ী গতকাল বনগ্রাম হাটবারে দোকান বসাননি। নাম প্রকাশ না করার শর্তে ক্ষতিগ্রস্ত একজন বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না। আমরা সবাই মিলে শান্তিতে বসবাস করতে চাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন করতে ইতিমধ্যেই সহযোগিতা দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।
ঘটনার তিন দিন পর গতকাল তথ্যপ্রযুক্তি ও পর্নোগ্রাফি আইনে আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে মামলায় কোনো আসামির নাম নেই।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি ও তা প্রচার করায় এই মামলাটি করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পর মামলার আসামি করা হবে।
১৮-দলীয় জোটের সংবাদ সম্মেলন: প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১৮-দলীয় জোটের সদস্যসচিব ও জেলা জামায়াতের সেক্রেটারি আবু তালেব মণ্ডল। এতে অভিযোগ করা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যুবলীগ-ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। ওই দিন উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকির হোসেন, ছাত্রলীগ নেতা কাওছার হাবিবসহ ১০-১২ জন যুবক হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করা ফেসবুক একটি স্ট্যাটাসের ফটোকপি বাজারে ছড়িয়ে দেন। এতে ব্যবসায়ী বাবলু সাহার ছেলে রাজীব সাহার নাম ব্যবহার করা হয়।
আরও অভিযোগ করা হয়, বিরোধী দলের আন্দোলন দমন করতে সরকার বিএনপি-জামায়তসহ ১৮-দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাঁদের বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছে ও হয়রানি করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জোটের জেলা সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সহসভাপতি আবদুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
ওসি রেজাউল বলেন, ‘১৮-দলীয় জোটের অভিযোগ সঠিক নয়। আমরা ভিডিও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।’
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক দাবি করেন, ১৮-দলীয় জোট নিজেদের দায় ঢাকতেই সংবাদ সম্মেলন করে যুবলীগ-ছাত্রলীগের নামে অপপ্রচার চালাচ্ছে।