সাঁথিয়ায় ঘটনাস্থলে যাবে ১৪ দল
পাবনার সাঁথিয়ায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাস্থল ৯ নভেম্বর শনিবার পরিদর্শন করবে ১৪ দল। ১৪ দলের নেতারা সেখানে প্রতিবাদ সমাবেশ করবেন।
১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম গতকাল সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান নাসিম। বৈঠকে সভাপতিত্ব করেন কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিরোধী দলের আন্দোলন কর্মসূচির বিপক্ষে জনমত গঠনে ১৪-১৬ নভেম্বর বিভিন্ন জেলায় ১৪ দলের নেতারা সফর করবেন।
মোহাম্মদ নাসিম জানান, বৈঠকে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবি জানানো হয়। তিনি বলেন, সংলাপ ও সংঘাত একসঙ্গে চলতে পারে না। একদিকে গুলি, বোমাবাজি, নাশকতা সৃষ্টি করবে, আবার সংলাপও চাইবে—হতে পারে না। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক।