সাঁথিয়ায় চরমপন্থী দলের সদস্য খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলায় গত শনিবার রাতে আবারও এক চরমপন্থী সদস্য খুন হয়েছেন। তাঁর নাম আল-আমিন হোসেন (৩৫)। তিনি ভিন্নগ্রামের ফজলাল হোসেনের ছেলে। গতকাল রোববার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ভিন্নগ্রামে ইছামতি নদীর পারে আল-আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। গতকাল সকালে স্থানীয় কৃষকেরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। আতাইকুলা থানা-পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাকির হোসাইন বলেন, আল-আমিন চরমপন্থী দলের সদস্য। তাঁর বিরুদ্ধে সাঁথিয়া ও আতাইকুলা থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। এ ঘটনায় আল-আমিনের ভাই আবদুল হালিম হত্যা মামলা করেছেন। এর আগে গত বুধবার উপজেলার ভায়নাপাড়া গ্রামে ইব্রাহিম হোসেন (৩৫) নামের আরেক চরমপন্থী সদস্যকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।