সাঁথিয়ায় ব্যবসায়ী খুন, নওগাঁয় ছাত্রের লাশ উদ্ধার
পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর বাজারে গত বুধবার রাতে প্রতিপক্ষের লোকজন আবু সাইদ (৪০) নামের এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
গতকাল বৃহস্পতিবার নওগাঁ সদর উপজেলার সালেবাজ গ্রাম থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাঁথিয়া উপজেলার তেঁথুলিয়া গ্রামের আবু সাইদ ড্রামের ব্যবসা করতেন। ব্যবসাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অপর ড্রাম ব্যবসায়ী আবদুল কাদেরের সঙ্গে তাঁর বিরোধ ছিল।
বুধবার রাত নয়টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল কাদের ও তাঁর সহযোগীরা আবু সাইদকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত একটার দিকে তিনি মারা যান।
পুলিশ গতকাল দুপুর ১২টার দিকে নওগাঁ সদর উপজেলার সালেবাজ গ্রামের বাঁশঝাড় থেকে নওগাঁ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র মিনহাজুল ফারুকের (২২) লাশ উদ্ধার করেছে। তিনি সদর উপজেলার চকবিরাম গ্রামের রফিকুল ইসলামের ছেলে।