সাঁথিয়ায় ভেজাল দুধ তৈরি করায় জেল জরিমানা
পাবনার সাঁথিয়া উপজেলায় ভেজাল দুধ তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ভাইকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। এ ছাড়া দুই ভাইয়ের একজনকে আদালত তিন মাসের কারাদণ্ডও দিয়েছেন।
গতকাল রোববার বেলা ১১টার দিকে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম এ সাজা দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা গ্রামের দুধ ব্যবসায়ী মানিক ঘোষ ওরফে কালু তাঁর ভাই সুমন ঘোষকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। উৎপাদিত ভেজাল দুধ ভালো দুধের সঙ্গে মিশিয়ে তাঁরা একটি বেসরকারি দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানে সরবরাহ করতেন। এ জন্য তাঁরা গ্রামে দুধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র স্থাপন করেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা জামাল উদ্দিন গতকাল সকালে সেখানে গিয়ে ভেজাল দুধ তৈরি করতে দেখেন। বিষয়টি দেখামাত্রই তিনি মুঠোফোনে ইউএনওকে জানান। ইউএনও ভ্রাম্যমাণ আদালত গঠন করে পুলিশসহ সেখানে উপস্থিত হন। আদালতের বিচারক হিসেবে ইউএনও মানিক ঘোষ ওরফে কালুকে তিন লাখ টাকা জরিমানা এবং সুমন ঘোষকে দুই লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেন। এ সময় ঘটনাস্থল থেকে ৬০ ক্যান (প্রতি ক্যানে ৪০ লিটার) ভেজাল দুধ জব্দ করে তা নষ্ট করা হয়। এ ছাড়া ছানার পানি, চিনি, খাওয়ার সোডাসহ ভেজাল দুধ তৈরির প্রচুর উপকরণ উদ্ধার করে সেগুলোও ধ্বংস করা হয়।
ইউএনও শফিকুল ইসলাম বলেন, তৈরি করা ভেজাল দুধ ভালো দুধের সঙ্গে মিশিয়ে একটি বেসরকারি দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্রে সরবরাহ করা হতো বলে সাজাপ্রাপ্তরা জানিয়েছেন। ভেজাল দুধ তৈরির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।