সাঁথিয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
পাবনার সাঁথিয়া উপজেলার বোয়ালমারী এলাকায় গত সোমবার রাতে তুচ্ছ ঘটনায় ইব্রাহীম শেখ (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁর বাড়ি উপজেলার পার করমজা গ্রামে।
নিহত ব্যক্তির পরিবার জানায়, সন্ধ্যায় ইব্রাহীম উপজেলা সদর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে একটি নছিমনের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে দুটি যানের চালকদের মধ্যে কথা-কাটাকাটি হলে তা যাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এ সময় নছিমনের কয়েকজন যাত্রী ইব্রাহীমকে পিটিয়ে আটকে রাখে। খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির বড় ভাই ফজলাল শেখ ও ভাতিজা আরিফ হোসেন অভিযোগ করেন, ঘাড়ে ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করায় ইব্রাহীম মারা গেছেন। সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।