সাঁথিয়ায় শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, আটক ১
পাবনার সাঁথিয়া উপজেলার রায়েকমারী গ্রাম থেকে মুক্তি খাতুন (৫) নামে একটি শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।
নিহত মুক্তি খাতুনের পরিবার জানায়, শনিবার বিকেলে মুক্তি বাড়িতে খেলছিল। হঠাৎ করেই সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাতে অভিভাবকেরা এলাকায় মাইকিং করেন ও বিষয়টি পুলিশকে জানান। গতকাল রোববার দুপুর ১২টার দিকে গ্রামের রবিউল ইসলামের পুকুরপাড়ে এলাকাবাসী একটি বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে।
সাঁথিয়া থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, শিশুটির শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো অভিযোগ করা হয়নি। তিনি বলেন, ‘আমরা সন্দেজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রতিবেশী কোরবান আলীকে (৪৫) আটক করেছি।’