সাঁথিয়ার হামলাকারীদের প্রশ্রয়দাতা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) দাবি করেছে, পাবনার সাঁথিয়ায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের প্রশ্রয় দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দল দুটি।
গতকাল রোববার রাজধানীর পুরানা পল্টনের প্রগতি সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ২ নভেম্বর সাঁথিয়ায় সাম্প্রদায়িক হামলার পর দল দুটির একটি প্রতিনিধিদল ৭ নভেম্বর এলাকাটি পরিদর্শন ও পর্যবেক্ষণ করে। সংবাদ সম্মেলনে তাদের পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন। এতে বলা হয়, মহানবী (সা.)-এর নামে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছে—এমন একটি ভুয়া খবর স্থানীয় রংধনু ইলেকট্রনিকস থেকে ফটোকপি করে এলাকায় ছড়িয়ে দেয় হামলাকারীরা। এর পেছনে ছিল চাঁদাবাজি। যদিও এলাকায় কাউকে পাওয়া যায়নি, যিনি ফেসবুকে স্ট্যাটাস দেখেছেন।
বলা হয়, ঘটনার দিন যার বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ করা হয়, সেই রাজীব সাহার বাবা বাবলু সাহাকে ধরে বাজারে নিয়ে আসেন ছাত্রলীগের কর্মী কাওসার হাবীব সুইট এবং শিবিরের কর্মী হোসেন। ছাত্রদলের কর্মী সোহেল হাসানের দোকানে বাবলু সাহাকে আটকে রেখে কয়েক শ লোককে নিয়ে বাবলু সাহার বাড়িসহ মন্দির ও দোকানপাটে হামলা চালানো হয়।
পরিদর্শক দল অভিযোগ করে, পুলিশ সক্রিয় হলে এ ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। হামলাকারীদের বেশির ভাগই ছিল কিশোর ও তরুণ। তাদের মূল উদ্দেশ্য ছিল লুটপাট।
সিপিবি-বাসদের নেতারা বলেন, ঘটনার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সেখানে গিয়েছিলেন। এটি তাঁর নির্বাচনী এলাকা। তাঁকে দেখে মানুষ আশ্বস্ত হওয়া তো দূরের কথা, তাঁর সঙ্গে হামলাকারীদের অনেককে দেখে মানুষ আতঙ্কে মুখ বন্ধ করে বসে আছে।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করে তাদের আশ্বস্ত করার সুপারিশ করা হয়। বিচার বিভাগীয় তদন্ত কমিটি করার দাবি ওঠে, যাতে মানুষ নির্ভয়ে ঘটনার বর্ণনা দিতে পারে। এ ছাড়া চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তার, বিচার ও শাস্তির দাবি জানান তাঁরা।
সূচনা বক্তব্যে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, ‘দেশে থাকলে ভোট পাব, চলে গেলে জমি পাব—বড় রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের বিষয়ে এ ধারণাই পোষণ করে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব, কেন্দ্রীয় নেতা সাজ্জাদ জহির চন্দন প্রমুখ।