সাঁথিয়া ও রায়গঞ্জে তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তিনজন খুন হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পাবনা ও বেড়া: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রামের আবদুল হামিদের (৬৫) সঙ্গে প্রতিবেশী মোকছেদ আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মোকছেদ আলী ১৮-২০ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে শনিবার দিবাগত রাত দুইটার দিকে আবদুল হামিদের বাড়িতে হামলা চালান। সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙে ঢুকে আবদুল হামিদকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থালেই খুন করে। তাদের অস্ত্রের আঘাতে ওই বাড়ির রজব আলী (৭০) ও মালেকা বেগম (৫৫) আহত হন।এদিকে ঘটনার পর সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আবদুল হামিদের বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এসে তাদের ধাওয়া করে। একপর্যায়ে এলাকাবাসী রাজাপুর গ্রামের ছাদেক আলী (৩৫) ও হৈজোর গ্রামের জানে আলমকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ছাদেক আলী মারা যান। জানে আলমকে পুলিশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে।এ ঘটনায় পুলিশ জানে আলম, মেছের আলী, খোকন ও শহিদুল নামের চারজনকে গ্রেপ্তার করেছে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত আবদুল হামিদের ছেলে আবদুল কদ্দুস হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই পশ্চিমপাড়া গ্রামে গতকাল রোববার বেলা দুইটার দিকে আলাউদ্দিন শেখের (৫৫) সঙ্গে তাঁর চাচাতো ভাই রেজাউল করিমের ভাত খাওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেজাউলের পরিবারের সদস্যরা মিলে আলাউদ্দিনকে ব্যাপক মারধর করে। গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে রেজাউল ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছে।