সাঁথিয়া পৌরসভায় নেই আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামে পৌরসভা হলেও পাবনার সাঁথিয়া পৌরসভার বাসিন্দারা নাগরিক সুবিধাদি পান না বললেই চলে। পৌরসভার সড়ক ও রাস্তাগুলো বেহাল, নোংরা-আবর্জনায় চারদিক ভরা, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, হাটবাজারের উন্নয়ন নেই, পশু জবাইয়ের নির্দিষ্ট স্থান নেই, কোনো কোনো এলাকায় বিদ্যুৎ নেই। এমনকি পৌরসভার নিজস্ব কোনো ভবনও নেই।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের অক্টোবরে সাঁথিয়া পৌরসভা গঠিত হয়। ২৫ দশমিক ৪ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভার জনসংখ্যা ৪০ হাজার ৪২ জন (২০০৮ সালের শুমারি অনুযায়ী)। ১৯৯৯ সালের ২৬ ফেব্রুয়ারি প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তৃতীয় শ্রেণীর এই পৌরসভায়। ৭৯ জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও আছেন মাত্র ২৮ জন। পৌরসভাটি গঠিত হওয়ার পর প্রায় ১৪ বছর পেরিয়ে গেলেও এখনো এর নিজস্ব ভবন নির্মিত হয়নি। ইউনিয়ন পরিষদের অপরিসর টিনের ঘরে চলছে পৌরসভার দাপ্তরিক কার্যক্রম। কর্মকর্তা-কর্মচারীদের গাদাগাদি করে যেমন বসতে হয়, তেমনি পৌরবাসী কাজের জন্য এখানে এসে অনেক সময় দাঁড়ানোর সুযোগও পান না।পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম বলেন, ‘পৌরসভার নিজস্ব জায়গা না থাকায় ভবন নির্মাণ করা যাচ্ছে না। অথচ পৌর ভবনের যেমন দরকার, তেমনি পৌরসভার জনবল বৃদ্ধিরও দরকার।’এলাকাবাসী জানান, পৌর এলাকায় প্রয়োজনীয় রাস্তাঘাট নেই। যেসব রাস্তা ও সড়ক রয়েছে, সেগুলোর বেশির ভাগ ভেঙে গেছে। এর ওপর পৌর শহরের মধ্য দিয়ে যাওয়া প্রধান সড়কটি অপ্রশস্ত হওয়ায় সেখানে লেগে থাকে তীব্র যানজট। পৌরসভার বাজার এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি কলেজের শিক্ষক শাহাদৎ হোসেন বলেন, ‘রাস্তাগুলোর অবস্থা এতই খারাপ যে হেঁটে চলাই মুশকিল। এর ওপর তীব্র যানজট লেগে থাকায় আমাদের দুর্ভোগের শেষ নেই।’পৌরসভার বেশির ভাগ নলকূপের পানিতে রয়েছে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন। পৌরসভার পক্ষ থেকে পাইপলাইনের মাধ্যমে কিছু কিছু এলাকায় পানি সরবরাহ করা হলেও তা অপর্যাপ্ত। পৌরবাসীর অনেকেই গোসল ও গৃহস্থালি কাজে পৌর এলাকার মধ্য দিয়ে যাওয়া ইছামতী নদীর পানি ব্যবহার করেন। কিন্তু সেখানে দীর্ঘদিন ধরে কচুরিপানা জমে থাকায় এর পানি ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে।মেয়র মিরাজুল ইসলাম বলেন, এক কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে পৌর এলাকায় শিগগির সড়ক ও রাস্তা উন্নয়নের কাজ শুরু হবে। পৌর এলাকার কিছু কিছু স্থানে ইতিমধ্যে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও এলাকায় পানি সরবরাহ করা হবে। এ ছাড়া অন্য সমস্যাগুলোও পর্যায়ক্রমে দূর করে পৌরসভাকে আধুনিক রূপে গড়ে তোলা হবে।