সাঁথিয়ার নিজ গ্রামে নিজামীকে দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির একাত্তরের আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীকে তাঁর নিজের গ্রাম পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের মন্মথপুরে দাফন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে গ্রামের কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয় তাঁকে।
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতা-বিরোধী অপরাধ করার দায়ে গত মঙ্গলবার দিবাগত রাতে নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় তাঁর নির্বাচনী এলাকা সাঁথিয়া, বেড়াসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। স্বস্তি প্রকাশ করেছেন নিজামীর বিরুদ্ধে মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী ও শহীদ পরিবারের সদস্যরা।
চট্টগ্রামে নিজামীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের উত্তেজনা দেখা দেয়। রাজশাহী, সাতক্ষীরা ও বগুড়ায় জামায়াত-শিবিরের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার বা আটক করেছে পুলিশ।
ঢাকার বাইরে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
স্থানীয় প্রশাসন, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর হওয়ার পর মতিউর রহমান নিজামীর লাশ কড়া পাহারায় গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে গ্রামের বাড়িতে পৌঁছায়। আত্মীয়স্বজন ও গ্রামবাসী শেষবারের মতো তাঁকে দেখার পর সকাল সাতটার দিকে গ্রামের কবরস্থানের সামনের খোলা স্থানে তাঁর জানাজা হয়। জানাজায় ইমামতি করেন নিজামীর ছেলে নাজিব মোমিন। সাড়ে সাতটার দিকে এই কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
জামায়াতের নেতা নিজামীর ফাঁসি কার্যকর ও দাফনকে কেন্দ্র করে কয়েক দিন আগে থেকেই তাঁর গ্রাম মনমথপুরসহ সাঁথিয়া উপজেলার গুরুত্বপূর্ণ মোড় ও স্থানগুলোতে মোতায়েন করা হয় ব্যাপকসংখ্যক পুলিশ। ছিল র্যা ব ও বিজিবির টহল।
এদিকে নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে সাঁথিয়ায় ছাত্রলীগ ও যুবলীগ আনন্দ মিছিল করে। আর গতকাল সকালে বেড়া পৌর শহরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। এ ছাড়া ফরিদপুর শহরে মঙ্গলবার রাতে আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয় জেলা ছাত্রলীগের উদ্যোগে। গতকাল দুপুরে গোপালগঞ্জ শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিষ্টি বিতরণ করে জেলা আওয়ামী লীগ। টুঙ্গিপাড়া, কোটালীপাড়াসহ অন্যান্য উপজেলা সদরেও আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
একাত্তর সালের ৩ নভেম্বর পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন বেড়ার বৃশালিখা গ্রামের সোহরাব আলী। নিজামীর বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী সোহরাব আলীর ছেলে আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের ৪৫ বছরের প্রতীক্ষার অবসান হয়েছে। নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় আমাদের পরিবারের সবাই খুশি।’
চট্টগ্রামে উত্তেজনা, ফাঁকা গুলি: পুলিশ জানায়, চট্টগ্রামের প্যারেড মাঠে গতকাল বেলা দেড়টায় নিজামীর গায়েবানা জানাজার কর্মসূচি দেয় জামায়াত। তা ঠেকানোর ঘোষণা দিয়ে চট্টগ্রাম কলেজের ফটকে অবস্থান নেয় কলেজ শাখা ছাত্রলীগ। ফলে সকাল থেকেই কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্যারেড মাঠের পূর্ব দিকে সিরাজউদ্দৌলা সড়কে বেলা দেড়টার দিকে গায়েবানা জানাজা শুরু করেন জামায়াতের হাজার দেড়েক নেতা-কর্মী। আর চট্টগ্রাম কলেজের ফটকে জামায়াতবিরোধী বক্তব্য দিতে থাকেন ছাত্রলীগের ৪৫-৫০ জন নেতা-কর্মী। জানাজা শেষে আরও কয়েক শ নেতা-কর্মী সমবেত হয়ে সিরাজউদ্দৌলা সড়ক লাগোয়া কেয়ারী ইলসিয়াম ভবন সড়কে গায়েবানা জানাজার জন্য দাঁড়ান। পরে নেতা-কর্মীরা প্যারেড মাঠের উত্তর দিকের ফটক খুলে ভেতরে ঢোকেন। একপর্যায়ে তাঁরা ইটপাটকেল ছুড়ে এবং দু-তিনটি ককটেল ফাটিয়ে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেন। অনেকে ছাত্রাবাসের গেট ভেঙে পুলিশের ওপর চড়াও হন। ক্যাম্পাসে তিন শিক্ষক ও এক পুলিশ সদস্যের মোটরসাইকেলও ভাঙচুর করেন তাঁরা। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া দিয়ে ধরে তিনজনকে বেধড়ক পেটান।
এ সময় পুলিশ চট্টগ্রাম কলেজ-চকবাজার সড়কে গাড়ি চলাচল বন্ধ করে ১০-১২টি ফাঁকা গুলি ছুড়লে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পিছু হটে প্যারেড মাঠে দ্বিতীয় দফা গায়েবানা জানাজার জন্য দাঁড়িয়ে যান। বেলা দুইটার পর তাঁরা এলাকা ত্যাগ করেন।
গ্রেপ্তার ২৬ জন: রাজশাহী মহানগর জামায়াতের আমির এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল হাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মির্জাপুর এলাকা থেকে নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ছাড়া গতকাল দুপুরে নগরের হেতেমখাঁ মোড়ে নিজামীর গায়েবানা জানাজা শেষে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়লে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ কমপক্ষে ১৫ জনকে আটক করে।
সাতক্ষীরা শহরের কামালনগর এলাকায় একটি প্রতিষ্ঠানের কার্যালয়ে গতকাল দুপুরে গোপন বৈঠক করার অভিযোগে ছাত্রশিবিরের সন্দেহভাজন আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে কিছু ধর্মীয় বই উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাঁদের।
বগুড়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির (পশ্চিমাঞ্চল) মোফাজ্জল হক (৫৮) ও দুপচাঁচিয়া পৌর জামায়াতের নেতা আবদুর রহিমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। দুপচাঁচিয়া ও আদমদীঘি থানার পুলিশ যৌথ অভিযানে মঙ্গলবার রাতে মোফাজ্জল হককে এবং গতকাল সকালে আবদুর রহিমকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, তাঁরা দুজন নাশকতার মামলার আসামি। তাঁদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।