কক্সবাজারের রামুতে ‘পরীক্ষামূলকভাবে’ যে প্রক্রিয়ায় সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানো হয়েছে, ঠিক একই পন্থায় পাবনার সাঁথিয়ায় হিন্দুদের ওপর হামলা চালানো হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে সাঁথিয়ার হামলাকে রামুর সাম্প্রদায়িক হামলার দ্বিতীয় সংস্করণ বলা যায়।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আজ শুক্রবার বিকেলে সাম্প্রদায়িক সহিংসতাবিরোধী নাগরিক সমাজ আয়োজিত ‘বাংলাদেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার কারণ ও প্রতিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
বৈঠকে বক্তারা সাম্প্রদায়িক হামলার ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেন। এটি পড়েন আইনজীবী ও মানবাধিকারকর্মী জ্যোতির্ময় বড়ুয়া।
প্রতিবেদনে বলা হয়, সাঁথিয়ার সাম্প্রদায়িক সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাঁথিয়ার ঘটনার পেছনে চাঁদাবাজির পাশাপাশি স্থানীয় বা আঞ্চলিক রাজনীতি, প্রভাব বিস্তারও অন্যতম কারণ। ওই ঘটনায় ছাত্রলীগের নেতা কাউসার হাবিব ওরফে সুইট আর ছাত্রশিবিরের নেতা জাকিরের যৌথ মিশনে বাবুল সাহাকে তুলে আনার ঘটনায় প্রমাণিত হয় স্বার্থের ঐক্যে রাজনীতি কোনো বাধা নয়। এ দেশের সন্তান, এ দেশে বেড়ে উঠেও সাম্প্রদায়িকতার আবরণে মোড়া রাজনীতির খেলায় নিজের দেশ আর নিজের বলে ভাবতে পারছেন না আক্রান্ত হিন্দু সম্প্রদায়ের লোকেরা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংবিধানের শুরু থেকেই সাম্প্রদায়িক বিভাজন থাকায় এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে চরম সাম্প্রদায়িক রূপ ধারণ করায় হিন্দুদের ওপর এই আক্রমণ বারবার হতে থাকবে।
প্রতিবেদনে আরও বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়কে কেন্দ্র করে সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন শুরু হয়। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেখা যায়, ৫১ জেলায় মোট ১৪৬ মন্দির, ২৬২টি ঘরবাড়ি ভাঙচুর, ২১৯টি দোকান লুট ও অগ্নিসংযোগ করা হয়। এতে ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত, পাঁচজন নিহত ও ৬৫ জন আহত হয়।
কিন্তু এসব সহিংসতার মূল পরিকল্পনাকারীরা কোনো সময়েই বিচারের মুখোমুখি হয় না। তাই এ ধারা চলতেই থাকে।
প্রতিবেদনে সুপারিশ করা হয়, এ অবস্থা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সংস্কৃতির পাশাপাশি দরকার আইনি সংস্কার। সাম্প্রদায়িকতা প্রতিরোধে একটি নতুন আইন প্রণয়ন করা দরকার যেখানে পুলিশ, স্থানীয় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের ব্যর্থতার জন্য শাস্তির বিধান থাকবে এবং দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।
প্রতিবেদনে সাঁথিয়ার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ পুনর্বাসনে সরকারি উদ্যোগ এবং ভেঙে দেওয়া বাড়ি ও পুড়িয়ে দেওয়া মন্দিরগুলো রাষ্ট্রীয় খরচে পুনর্নিমাণ করে দেওয়ার দাবি জানানো হয়।
প্রতিবেদন উপস্থাপনের পর মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, সাম্প্রদায়িক সহিংসতা শুধু রাজনৈতিক কারণে হচ্ছে না। আরও অনেক কারণ এতে দায়ী। সেগুলো খুঁজে বের করতে হবে। সমাজে ঢুকে যাচ্ছে। এর সঠিক প্রতিকার হওয়া উচিত।
নারীনেত্রী খুশী কবির বলেন, সবাইকে সমানভাবে দেখার দায়িত্ব রাষ্ট্রের। প্রশাসনিক ব্যক্তিরা তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না বলেই সাম্প্রদায়িক সহিংসতা ভয়াবহ হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বর্তমানে তরুণদের একটি অংশকে বিভিন্ন নাশকতায় ব্যবহার করা হচ্ছে। একটি প্রজন্ম তৈরি হচ্ছে তাঁদের পেশা হয়ে উঠছে বিভিন্ন নাশকতায় অংশ নেওয়া। তিনি আরও বলেন, হিন্দুদের ওপর হামলা করার একটি প্রধান কারণ তাঁরা আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে কাজ করে। অন্যরা তাঁদের ওপর হামলা করলে তাঁরা আওয়ামী লীগের কাছে যায়। কিন্তু আওয়ামী লীগ যখন হামলায় জড়িত থাকে তখন তাঁরা কার কাছে যাবে?
বৈঠকে দৈনিক ‘সমকাল’-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের শিক্ষক সলিমুল্লাহ খান, নারীনেত্রী শিপ্রা বোস প্রমুখ বক্তব্য দেন।