সাঁথিয়ার হামলায় বিএনপি-জামায়াতের ইন্ধনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলার প্রধান কারণ দীর্ঘদিনের চাঁদাবাজি। আর এ হামলা সংঘটনে ধর্মীয় উসকানি দিয়ে সাধারণ মানুষকে খেপিয়ে তোলেন বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা।

বনগ্রাম এলাকা পরিদর্শন শেষে আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ ও বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি এ দাবি করে। রাজধানীর রমনায় টেনিস ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন বলেন, ৮ নভেম্বর বনগ্রাম এলাকা পরিদর্শন করে তাঁরা জানতে পেরেছেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে হেলাল উদ্দিন আরও বলেন, হিন্দু-অধ্যুষিত বনগ্রামে একেকজন ব্যবসায়ীর কাছ থেকে প্রতি মাসে চাঁদা আদায় করত একটি চক্র। এই সন্ত্রাসীরা ক্ষমতাসীন দলসহ সব রাজনৈতিক দলের ছত্রছায়ায় চাঁদাবাজি করে। আর হামলা সংঘটনে ধর্মীয় উসকানি দিয়ে সাধারণ মানুষকে খেপিয়ে তোলেন বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা।

ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির গুজব ছড়িয়ে গত ২ নভেম্বর উপজেলার বনগ্রাম বাজারে বিক্ষোভ, সড়ক অবরোধ ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় হিন্দু সম্প্রদায়ের ২০-২৫টি বাড়ি এবং দুটি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।