সাঁথিয়ায় অ্যানথ্রাক্স তিন রোগী শনাক্ত
পাবনার সাঁথিয়া উপজেলায় চিনানারী গ্রামে তিনজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে। গত সোমবার ঢাকার রোগতত্ত্ব ও গবেষণা ইনস্টিটিউটের একটি প্রতিনিধিদল এলাকাটি পরিদর্শন করেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মনসুর রহমান বলেন, ১৪ মে তাঁরা চিনানারী গ্রামে এসে মো. চাঁদ মিয়া (৪০), মো. মিরাজুল ইসলাম (১৪) ও সরওয়ার হোসেনের (৩৪) স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় তাঁরা নিশ্চিত হন ওই তিনজনের শরীরে অ্যানথ্রাক্সের জীবাণু রয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনসুর রহমান আরও জানান, ৪ মে চিনানারী গ্রামের মমতাজ বেগমের একটি ছাগল অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানার পর মমতাজ বেগমের প্রতিবেশী ও অ্যানথ্রাক্সে আক্রান্ত চাঁদ মিয়া, মিরাজুল, সরোয়ার হোসেনসহ কয়েকজন ছাগলটিকে জবাই করে মাংস তৈরির কাজ করেন। এ কারণেই তাঁরা এ রোগে আকান্ত হন। ঢাকার রোগতত্ত্ব ও গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা অপূর্ব চক্রবর্তীর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলটি সোমবার দুপুর একটার দিকে চিনানারী গ্রামে পৌঁছান। প্রতিনিধিদলের সদস্যরা আক্রান্তদের শরীর থেকে রক্ত সংগ্রহ করেন। এ সময় পাবনার সিভিল সার্জন খলিলুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন।প্রতিনিধিদলের প্রধান অপূর্ব চক্রবর্তী বলেন, ‘অ্যানথ্রাক্স কোনো ছোঁয়াচে রোগ নয়। এ রোগ মানুষ থেকে মানুষে ছড়ায় না। তাই অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আমরা আক্রান্তদের রক্ত সংগ্রহ করেছি। রক্ত পরীক্ষা করা হবে।’উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে এলাকাবাসী প্রথম অ্যানথ্রাক্স সম্পর্কে জানতে পারে। এ বছর উপজেলার বড় পাথাইল গ্রাম থেকে ৩৪ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়। পরের বছর একই গ্রামে আরও প্রায় ২৬ জন রোগী পাওয়া যায়। এরপর থেকে প্রাণিসম্পদ বিভাগ এলাকাটির গবাদিপশুগুলোকে অ্যানথ্রাক্সের প্রতিষেধক (ভ্যাকসিন) দেয়। কিন্তু এ বছর প্রতিষেধক দেওয়ার পরও নতুন করে তিনজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা উপজেলার প্রায় ৯০ শতাংশ এলাকায় ভ্যাকসিনেশনের কাজ শেষ করেছি। ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’