পাবনার সাঁথিয়া উপজেলায় কলেজছাত্রী ধর্ষণের ঘটনায় করা মামলার আরেক আসামিকে গত শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু ঘটনার এক সপ্তাহেও ধরা পড়েননি প্রধান দুই সন্দেহভাজন। পুলিশ বলছে, তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মামলার ওই আসামিকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত মঙ্গলবার রাতে একই মামলার আরেক আসামিকে (২২) গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল বিকেলে এ প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, শিগগিরই ওই দুই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে।’
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের বিএ (সম্মান) দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীটির পরিবারের সূত্রে জানা গেছে, প্রধান দুই আসামির পরিবারের লোকজন তাঁদের হুমকি দিচ্ছেন। বিষয়টির আপস-মীমাংসার জন্য চাপ দিচ্ছেন।