সাঁথিয়ায় এক ব্যক্তি শাহজাদপুরে গৃহবধূ খুন
পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের কাশীনাথপুর গ্রামে গতকাল সোমবার ভোরে সন্ত্রাসীরা হবিবুর রহমান সরদার (৫৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে গত রোববার আলেয়া (২১) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। স্বামী তাঁকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।মামলার এজাহার থেকে জানা গেছে, একটি জমির দখল নিয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে হবিবুর রহমানের বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গতকাল ভোর সাড়ে চারটার দিকে ১০-১৫ জন সশস্ত্র সন্ত্রাসী এসে তাঁকে ঘর থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, হবিবুরের বড় ছেলে সোলায়মান হোসেন বাদী হয়ে এ ঘটনায় ১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন।এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের আইগবাড়ী পারকোলা গ্রামের নজরুল তাঁর স্ত্রী আলেয়াকে (২১) যৌতুকের দাবিতে প্রায়ই মারধর করতেন। রোববার সকালে যৌতুকের দাবিতে নজরুল তাঁর স্ত্রীকে মারধর করেন এবং একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।