সাঁথিয়ায় খাল থেকে সব বাঁধ অপসারিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার প্রধান নিষ্কাশন খাল থেকে সুতিজালের সব অবৈধ ঘের অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এসব ঘের অপসারণ করা হয়।
জানা গেছে, সাঁথিয়া উপজেলায় প্রভাবশালী ব্যক্তিরা পানি উন্নয়ন বোর্ডের ওই নিষ্কাশন খালের আটটি স্থানে বাঁশের বাঁধ (ঘের) নির্মাণ করে পানি আটকে সুতিজাল দিয়ে মাছ শিকার করছিলেন।
এ নিয়ে ১৫ নভেম্বর প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘেরগুলো সরিয়ে ফেলতে এর মালিকদের নির্দেশ দেওয়া হয়।
কিন্তু এগুলো অপসারণ না করায় সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম পুলিশের সহায়তায় দুই দিন খালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘেরগুলো অপসারণ করেন।
ইউএনও জানান, বৃহস্পতিবার তালপট্টি ও শামুকজানি এলাকা থেকে দুটি ঘের অপসারণ করা হয়।
গতকাল সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উপজেলা কৃষি ও মৎস্য কর্মকর্তা এবং পুলিশের সহায়তায় খালের বাকি অংশে অভিযান চালানো হয়। এ সময় শ্রমিকদের দিয়ে অবশিষ্ট ছয়টি ঘের অপসারণ করা হয়।