পাবনার সাঁথিয়ায় গত বুধবার ফুলমালা (৩৬) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, স্বামী ও ছেলেসহ পরিবারের লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করেছেন। তবে নিহত গৃহবধূর পরিবারের লোকজনের দাবি, বিষপানে তিনি আত্মহত্যা করেছেন।এ ঘটনায় সাঁথিয়া থানার পুলিশ গৃহবধূর স্বামী ও ছেলেসহ পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে। এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে ফুলমালা বাড়ির উঠানে ধান জড়ো করছিলেন। এ সময় স্বামীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামী আবদুর রউফ ও ছেলে ফারুক তাঁকে বেদম মারধর করেন। এতে তিনি মারা যান। এলাকাবাসী অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনা ভিন্ন খাতে চালানোর জন্য পরিবারের লোকজন তাঁর মুখে বিষ ঢেলে আত্মহত্যা হিসেবে প্রচার করেন।এ ঘটনায় সাঁথিয়া থানার পুলিশ গৃহবধূর স্বামী আবদুর রউফ, ছেলে ফারুক, ভাশুর আজের উদ্দিন ও ভাশুরের স্ত্রী চঞ্চলী বেগমকে বুধবার রাতে গ্রেপ্তার করে। ওই রাতেই গৃহবধূর ভাই জাহাঙ্গীর মণ্ডল গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেন।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই গৃহবধূকে ছেলে ও স্বামী মারধর করলে তিনি অভিমানে ঘরে গিয়ে বিষ পান করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।