গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল করিমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রীও গুলিবিদ্ধ হয়েছেন। গত রোববার দিবাগত রাতে উপজেলার খোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
একই রাতে পাবনার সাঁথিয়া উপজেলায় প্রতিপক্ষের লোকজন শাহাদত হোসেন নামের এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করেছে।
ফুলছড়ি উপজেলার খোলাবাড়ি গ্রামের বাসিন্দা আবদুল করিম (৪৫) ফুলছড়ি ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হওয়ার পর তাঁর শত্রুর সংখ্যা বৃদ্ধি পায়। এ কারণে তিনি দীর্ঘদিন ধরে চরাঞ্চলে নিজের বাড়িতে না থেকে শহরে বাড়ি ভাড়া করে থাকতেন। ছয় দিন আগে তিনি নিজের গ্রামের বাড়িতে আসেন। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে একদল দুর্বৃত্ত দরজা ভেঙে তাঁর ঘরে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এ সময় তাঁর স্ত্রী উমেলা বেগম তাঁকে বাঁচাতে এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁর বুক ও হাতে গুলি করে। এরপর তারা মাথায় গুলি করে করিমকে হত্যা করে। গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সময় স্থানীয় লোকজন তাঁর স্ত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান জানান, আবদুল করিমের লাশ গতকাল বিকেলে থানা থেকে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে শাহাদতের (১৪) সঙ্গে গত রোববার দুপুরে জমিতে পেঁয়াজের চারা লাগানোকে কেন্দ্র করে স্থানীয় যদু হোসেন, কামরুল ইসলামসহ কয়েকজনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রাত সাড়ে আটটার দিকে তারা তাকে ওই গ্রামের রাস্তায় একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সাঁথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, এ ঘটনায় গতকাল কফিল বাদী হয়ে কামরুলসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।