সাঁথিয়ায় দিনমজুরকে হত্যা
পাবনার সাঁথিয়া উপজেলায় গত মঙ্গলবার রাতে আতাউর রহমান (৫৫) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর আতাউর রহমান যে বাড়িতে থাকতেন, সেখানে অগ্নিসংযোগ করে একটি ঘরও পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের পল্লিচিকিৎসক সাইদুল ইসলামের বাড়িতে দিনমজুরের কাজ করতেন আতাউর। তাঁর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনামারা গ্রামে।
সাইদুল বলেন, তিনি আতাউরকে বাড়িতে রেখে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে একই গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে রাত যাপন করতে যান। রাত তিনটার দিকে দুর্বৃত্তরা আতাউরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তাঁর বাড়ির চার চালা টিনের ঘরটিতে অগ্নিসংযোগ করে চলে যায়। আগুনে ওই ঘরটি ভস্মীভূত হয়। বাড়িতে আগুন দেখে প্রতিবেশীরা তাঁকে খবর দিলে তিনি বাড়িতে এসে আতাউরের লাশ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে সুজানগর উপজেলার আধারকোটা গ্রামের আবদুস সালাম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন বলেন, সাইদুলের সঙ্গে জমিজমা নিয়ে পাশের গ্রামের কয়েকজনের বিবাদ চলছিল। এরই জের ধরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আতাউরের স্ত্রী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন।