সাঁথিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২ ২০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ ইউনিয়নের পাইকশা গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে দুই পক্ষের লোকজনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পাইকশা গ্রামের বাসিন্দা ধোপাদহ ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য আবদুর রহমানের সঙ্গে সাবেক সদস্য আজিজল হকের অনেক দিন ধরে বিরোধ চলছে। একটি জমির মালিকানা নিয়ে সম্প্রতি তাঁদের বিরোধ চরম আকার ধারণ করে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আজিজল হক লোকজন নিয়ে ওই জমির ধান কাটতে গেলে আবদুর রহমান লোকজন নিয়ে তাঁদের বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে আবদুর রহমানের পক্ষের হাসিফুল ইসলাম (২৫) ও আজিজল হকের পক্ষের নিজাম উদ্দিন (৫৫) ধারাল অস্ত্রের আঘাতে নিহত হন। এ ছাড়া মোজাম উদ্দিন, আবদুল বাতেন, জয়নাল হোসেন, আবদুল জলিল, জালাল হোসেন, সাইদুর রহমান ও রকিব উদ্দিনসহ উভয় পক্ষের আরও প্রায় ২০ জন আহত হন। খবর পেয়ে সাঁথিয়া থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক হোসেন জানান, দুই পক্ষের এ বিরোধ দীর্ঘদিনের। আগেও তাঁদের মধ্যে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা করেনি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।