সাঁথিয়ায় দেড় হাজার বিঘা জমি অনাবাদি ২০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের ইটকাটা বিলের অন্তত দেড় হাজার বিঘা জমিতে প্রায় ২০ বছর কোনো ফসল ফলানো যাচ্ছে না। একটি সেচখাল নির্মাণ হওয়ার পর বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় বিলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।ওই এলাকার কৃষকদের ভাষ্যমতে, বছর বিশেক আগেও গোটা বিলজুড়ে ধান, মরিচ, পেঁয়াজ, পটোল, পাট, সবজিসহ বিভিন্ন ফসলের আবাদ হতো। বেড়া ও সাঁথিয়া উপজেলার প্রায় ছয় হাজার হেক্টর জমিতে সেচসুবিধা দেওয়ার লক্ষ্যে ১৯৯২ সালের দিকে পাবনা সেচ ও পল্লি উন্নয়ন প্রকল্পের আওতায় বেড়া ও সাঁথিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্মাণ করা হয় অসংখ্য সেচখাল। এরই আই-৩ এস-৩ নামের একটি সেকেন্ডারি সেচখাল নির্মিত হয় ইটকাটা বিল এলাকায়। এ এলাকার কৃষকেরা ভেবেছিলেন, এ সেচখালের পানি শুষ্ক মৌসুমে তাঁদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। কিন্তু সেচখালে পানি সরবরাহের দু-এক বছরের মধ্যেই কৃষকেরা বুঝতে পারেন সেচখালটি তাঁদের জন্য আশীর্বাদ নয় বরং অভিশাপ বয়ে এনেছে। অপরিকল্পিতভাবে সেচখালটি নির্মাণ হওয়ায় বিলের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এতে বৃষ্টির পানি ও উঁচু জমি থেকে উপচে পড়া সেচের পানি বিলের নিচু জমিতে জমে তৈরি হয় স্থায়ী জলাবদ্ধতা। এ জলাবদ্ধতার কারণে অনাবাদি হয়ে পড়ে অন্তত দেড় হাজার বিঘা জমি।কৃষকেরা জানান, আগে ইটকাটা বিলের পানি গাঙভাঙা বিল হয়ে কাগেশ্বরী নদীতে চলে যেত। কিন্তু সেচখাল নির্মাণ হওয়ায় নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গছে। তবে পরিকল্পিতভাবে গাঙভাঙা বিল পর্যন্ত একটি নিষ্কাশন খাল খনন করা হলে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। নিষ্কাশন খাল খননের দাবিতে কৃষকেরা বারবার পানি উন্নয়ন বোর্ডে আবেদন করেছেন। এমনকি তাঁরা পাউবোর বেড়া কার্যালয়ে গিয়ে বিক্ষোভ প্রদর্শন ও ঘেরাও পর্যন্ত করেছেন। কৃষকদের আন্দোলনের মুখে পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করে জলাবদ্ধতা দূর করার আশ্বাস দিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।সরেজমিনে ইটকাটা বিল ঘুরে দেখা গেছে, বিলের ব্যাপক অংশ জলাবদ্ধ। করমজা গ্রামের টুকু মিয়া, গোলজার আলী, আবদুল লতিফসহ বেশ কয়েকজন কৃষক নিজেদের ডুবে যাওয়া জমি দেখিয়ে জানান, একসময় বিলের নিচ পর্যন্ত চাষ করা যেত। অথচ এখন সেসব জমি দূরের কথা বিলের অনেক উঁচু জমিতেও চাষ করা যাচ্ছে না। করমজা মনজুর কাদের বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘নিষ্কাশন খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা দূর করা যে সম্ভব, তার প্রমাণ বেহুলা-আঁধারিয়া বিল। ওই সব বিলে জলাবদ্ধতা দূর করা গেলে ইটকাটা বিলে তা কেন করা যাবে না?’বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা (বিএডিসি) পাবনার নির্বাহী প্রকৌশলী সঞ্চয় কুমার সরকার বলেন, ‘ইটকাটা বিলে নিষ্কাশন খাল খনন করার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’ পাউবো বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বলেন, ‘ইটকাটা বিলের জলাবদ্ধতা দূর করার জন্য সেখানে একটি নিষ্কাশন খাল খনন প্রয়োজন। প্রতিবছরই আমরা এ ব্যাপারে অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করি। কিন্তু বরাদ্দ না পাওয়ায় নিষ্কাশন খাল খনন করা সম্ভব হচ্ছে না।’