সাঁথিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পাবনার সাঁথিয়া উপজেলায় গত বৃহস্পতিবার পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। এরা হলো উপজেলার গৌরী গ্রামের আবদুল মতিনের ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র সজীব (১০) ও চাঁদপুর গ্রামের সুরুজ আলীর ছেলে সুজন (৪)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।এলাকাবাসী ও মৃত শিশুদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সজীব চাঁদপুর গ্রামে তার নানা আবদুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার সজীব তার মামাতো ভাই সুজনকে সঙ্গে নিয়ে সবার অগোচরে বাড়ির পাশে গজারিয়া বিলে নৌকা নিয়ে গোসল করতে যায়। সজীব ও সুজনকে বাড়িতে ফিরতে না দেখে স্বজনেরা তাদের খোঁজ করেন। সন্ধ্যায় বিলের মধ্যে সুজনের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। এরপর গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সজীবের লাশও বিলের পানি থেকে উদ্ধার করা হয়। এলাকাবাসী ও স্বজনদের ধারণা, সুজন পানিতে পড়ে গেলে সজীব তাকে উদ্ধার করতে যায় এবং দুজনই ডুবে মারা যায়।