সাঁথিয়ায় পুকুর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলায় পুকুর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। গতকাল রোববার ধোপাদহ ইউনিয়নের খান মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে ওই গ্রামের আবদুল আওয়াল তাঁর একটি পুকুর প্রতিবেশী আবদুল হামিদের কাছে বিক্রি করেন। পরে আবদুল হামিদ আবার পুকুরটি বিক্রির ঘোষণা দিলে আবদুল আওয়াল সেটি কিনে নিতে চান। কিন্তু হামিদ তাঁর কাছে বিক্রি না করে পুকুরটি জিয়াউর রহমান নামে অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করেন। এতে ক্ষিপ্ত হন আবদুল আওয়াল। তিনি পুকুরটি ফেরত চেয়ে আদালতে মামলা করেন। মামলাটি চলমান রয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে জিয়াউর রহমান তাঁর লোকজন নিয়ে পুকুরটির দখল নিতে যান। এ সময় আবদুল আওয়াল তাঁর লোকজন নিয়ে তাতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ একে অন্যের ওপর লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থলেই আবদুল আওয়ালের ভাতিজির স্বামী আবুল কালাম আজাদ (৩৫) নিহত হন। আহত হন উভয় পক্ষের আরও ১০ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, আহত ব্যক্তিদের মধ্যে মো. সোহান হোসেন, আবদুল আওয়াল, আলম, মালেকা বেগম, নজরুল ইসলাম ও সাইফুল ইসলামকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবদুস ছাত্তার ও সুজন হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অন্য ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।এলাকাবাসী জানায়, আবদুল আওয়াল ধোপাদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও জিয়াউর রহমান আওয়ামী লীগের সমর্থক। আধিপত্য বিস্তার নিয়ে তাঁদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ কারণে আবদুল আওয়ালের একসময়ের মালিকানাধীন পুকুরটি জিয়াউর রহমানের কাছে বিক্রি করায় তিনি ক্ষিপ্ত হন। এর আগে এ নিয়ে উভয়ের মধ্যে বেশ কয়েকবার কথা-কাটাকাটির ঘটনা ঘটে।এ প্রসঙ্গে সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, তাঁরা দুজন আওয়ামী লীগের নেতা-কর্মী হলে এ সংঘর্ষ দলীয় কোনো বিরোধে ঘটেনি।গতকাল বিকেলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের দুটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আবুল কালামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।