সাঁথিয়ায় প্রত্যন্ত এলাকার বিদ্যালয়ে শিক্ষক-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক-সংকট প্রকট আকার ধারণ করেছে। এখানে নিয়োগ পাওয়া শিক্ষকেরা শহরের বিদ্যালয়ে চলে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে এসব বিদ্যালয়ে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক-সংকটে পাঠদান ব্যাহত হওয়ায় উপজেলা পরিষদ ও প্রাথমিক শিক্ষা কার্যালয় কয়েকটি বিদ্যালয়ে নামমাত্র সম্মানীতে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছে। কিন্তু তাতে সমস্যার সমাধান হচ্ছে না । সাঁথিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মোট ৬০০টি পদ আছে। এর মধ্যে ১৭টি প্রধান শিক্ষকের পদসহ মোট ৭৯টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। যাঁরা কর্মরত আছেন, তাঁদের মধ্যে ৪০ জন এক বছরের জন্য প্রশিক্ষণে গেছেন। প্রত্যন্ত এলাকার বিদ্যালয়ে শিক্ষক-সংকট বেশি। এসব বিদ্যালয়ের বেশির ভাগেই শিক্ষক রয়েছেন একজন অথবা দুজন করে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলোতে নিয়োগ পাওয়া শিক্ষকেরা তদবির করে উপজেলা সদরে চলে আসায় সেখানে শিক্ষক-সংকট থেকেই যাচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ভায়নাপাড়া, ভিন্নগ্রাম, রাউতি, পিরাহাটি ও দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা সদর থেকে ১০-১৫ কিলোমিটার দূরে। তাই এই পাঁচ বিদ্যালয়ে মাত্র দুজন করে শিক্ষক কর্মরত আছেন। সংকট মোকাবিলা করতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় মাসিক এক হাজার টাকা সম্মানীর বিনিময়ে কয়েকটি বিদ্যালয়ে ২২ জন খণ্ডকালীন শিক্ষককে নিয়োগ দিয়েছে। এসব শিক্ষক ১ ফেব্রুয়ারি বিভিন্ন বিদ্যালয়ে যোগ দিয়ে সরকারি শিক্ষকের মতো ক্লাস নেওয়া শুরু করেছেন। সরেজমিনে দেখা গেছে, বেশির ভাগ খণ্ডকালীন শিক্ষক সরকারি শিক্ষকদের মতো দায়িত্বশীল নন। তাঁরা কাজ করছেন অনেকটা দায়সারাভাবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খণ্ডকালীন শিক্ষক জানান, মাত্র এক হাজার টাকা সম্মানীতে নয়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত বিদ্যালয়ে ক্লাস নিতে হচ্ছে। এর ওপর এই সামান্য সম্মানীর টাকাও ঠিকমতো পাওয়া যাবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সরেজমিনে উপজেলার এন মনোহরগাঁতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়, বিদ্যালয়টিতে চারজন শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন একজন। তাঁর নাম হোসনেয়ারা খাতুন। ১ ফেব্রুয়ারি সেখানে তিনজন খণ্ডকালীন শিক্ষক যোগ দেন। হোসনেয়ারা খাতুন বলেন, ‘একজন মানুষের পক্ষে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস নেওয়া অসম্ভব ব্যাপার। অথচ আমাকে সেই অসম্ভব কাজটি বেশ কিছুদিন করতে হয়েছে। দাপ্তরিক কাজে উপজেলা সদরে গেলে বিদ্যালয়ে তালা দিয়ে যেতে হয়েছে।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন বলেন, ‘কয়েক মাসের মধ্যেই দেশে শিক্ষক নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে। নতুন শিক্ষক পাওয়ার পর আমাদের শিক্ষক-সংকট অনেকটাই কেটে যাবে বলে আশা করছি।’