সাঁথিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামে গতকাল শনিবার দুপুরে বিএনপির দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। সংঘর্ষকালে অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।জানা যায়, দীর্ঘদিন ধরে সাঁথিয়া উপজেলার করমজা গ্রামে মল্লিক গোষ্ঠী ও সরদার গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। মল্লিক গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক ও সরদার গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন বিএনপির নেতা ও পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রইজউদ্দিন। দেড় বছরে দুই পক্ষ বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায়।গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সরদার গোষ্ঠীর টনি (২৬) নামের এক তরুণকে মল্লিক গোষ্ঠীর লোকজন কুপিয়ে আহত করে। এতে উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের আক্কাস মোল্লা (৭০), নূর মোহামঞ্চদ (৫০), রেজাউল (৪০), সোহেল (৩০), পাপ্পা (২২), রহমান (৩৫), আনিস (৪০), আলিম (৩৪), কাওসার (২২), এনামুল (২৫), হারুন (২৫), জুলহাস (২৫), ইয়াকুবসহ (২৫) অর্ধশতাধিক আহত হন। আহত ব্যক্তিদের বেড়া ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে আক্কাস মোল্লা, নূর মোহামঞ্চদ ও টনির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সংঘর্ষকালে আক্কাস মোল্লা, নূর মোহামঞ্চদ মোল্লা, আনিস মোল্লা, ইদ্রিস সরদার, ফজর আলী, ওহাব আলীর বাড়িসহ অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব বাড়ি থেকে ৮-১০টি গরু, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নেওয়া হয়। সাঁথিয়া থানার ওসি সাঈদ মাহমুদ বলেন, বিএনপির দুটি পক্ষের দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণেই সেখানে সংঘর্ষ ঘটে। এর আগেও তাদের মধ্যে কয়েকবার সংঘর্ষ হয়েছে।