সাঁথিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামে সোমবার রাতে বিএনপি-সমর্থিত দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ ও পথচারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। সংঘর্ষকালে দুটি বাড়ি এবং পাঁচটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাঁথিয়া উপজেলার করমজা গ্রামে মল্লিক ও সরদারপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল। মল্লিকপক্ষের নেতৃত্বে আছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক ও সরদারগোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন বিএনপির নেতা ও পাবনা মোটরশ্রমিক ইউনিয়নের সহসভাপতি রইজউদ্দিন। এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে প্রায় সংঘর্ষ হয়। সোমবার রাত সাড়ে সাতটার দিকে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ পাওয়া যায়। রাত ১১টা পর্যন্ত চলা দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও কনস্টেবল আতাউর রহমান এবং পথচারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে পাভেল (২৫), জাহাঙ্গীর (২০), সজীব (২০), জাফর আলী (৩০), তালুকদার (৩২), রজব আলী (২৫), নিতাই দাস (১৯) ও আমির আলীকে (৪০) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া ওসি ও দুই পুলিশ কনস্টেবলসহ আরও অনেককে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সংঘর্ষ বেড়া বাসস্ট্যান্ডে ছড়িয়ে পড়লে পাবনা-বগুড়া মহাসড়কে যানবাহন চলাচল কমপক্ষে এক ঘণ্টা থাকে। এ সময় বাসস্ট্যান্ডের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকে পড়ে। পথচারী ও যাত্রীদের মধ্যে বেড়া পৌর এলাকার সম্ভুপুর মহল্লার জাফর আলী, পায়না মহল্লার আমির আলি ও নিশিপাড়া মহল্লার নিতাই দাসসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। এ ছাড়া ইটপাটকেলের আঘাতেও কয়েকজন যাত্রী আহত হন। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের কারণেই সংঘর্ষ ঘটে। এ ব্যাপারে কোনো পক্ষ এখনো মামলা করেনি। তবে আহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেছে।