পাবনার সাঁথিয়া উপজেলায় ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুকুর থেকে ছয় বছরের শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত বুধবার রাত ১১টার দিকে সাঁথিয়ার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইল হাট গ্রামের হাকিম মোল্লার ছেলে গোলাম ফারুকের (২৫) সঙ্গে তাঁর ভাই মিন্টু মোল্লার কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে মিন্টু উত্তেজিত হয়ে ফারুককে ধাক্কা দিলে তিনি জমির আগাছা পরিষ্কারের কাজে ব্যবহূত আঁকড়ার ওপর পড়ে যান। এতে লোহার তৈরি আঁকড়ার সুচালো দণ্ড তাঁর বুক ও পেটে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে পাবনা সদর হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শাহাজাদপুর সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন।জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ ত্রিমুহিনি বাজারে কোব্বাত আলীর ছেলে রুকু গত মঙ্গলবার বিকেলে খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি। শুক্রবার সন্ধ্যায় এলাকার লোকজন শাখারুঞ্জ ত্রিমুহিনি বাজারের দক্ষিণ পাশের একটি পুকুরে রুকুর বস্তাবন্দী লাশ দেখতে পায়। থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে রাতেই লাশটি উদ্ধার করে।