সাঁথিয়ায় মন্ত্রী-প্রতিমন্ত্রী বিএনপি-জামায়াতকে দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের গ্রামে বাড়িঘর-দোকানপাটে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার চার দিন পর গতকাল বুধবার কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও র‌্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বনগ্রাম বাজারে সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী মতবিনিময় সভায় মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ঘটনার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন।
ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, পুলিশ ঘটনার মূল হোতাদের গ্রেপ্তার করেনি। এদের অনেকে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে বনগ্রামে আসেন। প্রথমে তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাবলু সাহার বাড়িতে যান। সেখানে তাঁর স্ত্রী শিবানী সাহা বলেন, ‘আমরা ক্ষতিপূরণ চাই না। সুন্দরভাবে বসবাস করতে চাই।’ পরে এই দলটি ক্ষতিগ্রস্ত কয়েকটি মন্দির ও ঘোষপাড়া গ্রাম পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হামলার ঘটনা তুলে ধরে তাঁদের নিরাপত্তার স্বার্থে এলাকায় একটি স্থায়ী পুলিশ ক্যাম্প করার দাবি জানান। এ সময় পরিদর্শক দল এলাকায় প্রথমে অস্থায়ী ও পরে স্থায়ী পুলিশ ক্যাম্প করার ঘোষণা দেয়।
ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন শেষে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বনগ্রাম বাজারে সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী মতবিনিময় সভায় যোগ দেন। পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, নৈরাজ্য সৃষ্টির যত চেষ্টাই হোক, তা কঠোর হাতে দমন করা হবে।
খালেদা জিয়াকে উদ্দেশ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদেরও দুই হাত, দুই পা আছে। আর একটি গাড়ি পুড়লে আপনাদের গাড়ি পুড়বে, বাড়ি পুড়লে আপনাদের বাড়ি পুড়বে, দোকান পুড়লে আপনাদের দোকানও পুড়বে।’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শিগগিরই যুদ্ধাপরাধী নিজামী ও সুবহানের রায় হচ্ছে। এটি সামনে রেখেই মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের মুখোমুখি করা হবে।
ওই ঘটনায় ইতিমধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এক মামলার বাদী ক্ষতিগ্রস্ত বাবলু সাহা গতকাল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর দায়ের করা মামলার কোনো আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ক্ষতিগ্রস্ত অন্যরাও অভিযোগ করেন, ঘটনার মূল হোতাদের পুলিশ গ্রেপ্তার করেনি। তারা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
তবে আতাইকুলা থানার ওসি রেজাউল ইসলাম বলেন, ‘আমরা সব মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। পলাতক থাকায় তাদের ধরা যাচ্ছে না।’